
Triumph 350 launch India: আগামী ৬ এপ্রিল বড় চমক দিতে চলেছে Triumph। 350cc সেগমেন্টে নতুন মডেল আনতে চলেছে ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা। Royal Enfield-কে চ্যালেঞ্জ? এমনটাই মনে করছে অটোমোবাইল সেক্টর। ভারতে মিড-সাইজ ক্লাসিক বাইকের বাজারে এতদিন কার্যত একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে Royal Enfield। সেই জায়গাতেই এবার ঢুকতে চাইছে Triumph।
বর্তমানে 350cc ক্লাসিক মোটরসাইকেল সেগমেন্টে Royal Enfield-এর দাপট স্পষ্ট। Classic 350, Bullet 350, Meteor 350; এই তিন মডেলই নিয়মিত বিক্রির লিস্টে টপে থাকে। সিম্পল ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন এবং ব্র্যান্ড ভ্যালুর কারণে এই সেগমেন্টে প্রতিযোগিতা খুবই সীমিত। অন্যান্য সংস্থার উপস্থিতি থাকলেও, বিক্রির নিরিখে Royal Enfield অনেকটাই এগিয়ে।
এহেন প্রেক্ষাপটেই Triumph-এর নতুন 350cc রেঞ্জের আগমন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সূত্রের খবর, ৬ এপ্রিল ভারতে এই নতুন বাইক লঞ্চ করতে পারে সংস্থা। যদিও এখনও অফিসিয়ালভাবে মডেলের নাম বা সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবুও মনে করা হচ্ছে; এই বাইকটি ক্লাসিক রোডস্টার স্টাইলেই আসবে এবং সরাসরি Royal Enfield Classic 350-কে টার্গেট করবে।
ভারতে 350cc বা তার বেশি ক্ষমতার বাইকের ক্ষেত্রে একটি বড় বিষয় হল GST কাঠামো। 350cc-র উপরে ইঞ্জিন ক্ষমতার বাইকের উপর বেশি হারে কর ধার্য হয়। এর ফলে এই সেগমেন্টের বাইকগুলির দাম তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। বিশেষ করে নতুন ক্রেতাদের জন্য এটি একটি বড় ফ্যাক্টর। তাই Triumph যদি প্রতিযোগিতামূলক দাম রাখতে পারে, তবে বাজারে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Triumph ইতিমধ্যেই ভারতের বাজারে Bajaj-এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এর আগে Speed 400 এবং Scrambler 400X লঞ্চ করে ভালো সাড়া পেয়েছে সংস্থা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার 350cc সেগমেন্টে প্রবেশের পরিকল্পনা। এই নতুন মডেলটি তুলনামূলকভাবে সস্তা এবং বেশি ক্রেতাবান্ধব হতে পারে বলেও জল্পনা রয়েছে।
অন্যদিকে, Royal Enfield কিন্তু বসে নেই। সংস্থাও নিয়মিত আপডেট ও নতুন ভ্যারিয়েন্ট এনে বাজার ধরে রাখার চেষ্টা করছে। ফলে Triumph-এর নতুন বাইক লঞ্চের পর এই সেগমেন্টে প্রতিযোগিতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, ৬ এপ্রিলের লঞ্চ ঘিরে বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। Triumph-এর এই নতুন পদক্ষেপ Royal Enfield-এর দীর্ঘদিনের আধিপত্যে কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।