
কয়েকদিন খামখেয়ালি হয়ে পড়ছিল শেয়ারবাজার। একদিন উঠছিল, তো দুইদিন পতনের মুখ দেখছিল। আর তাতে বিনিয়োগকারীদের হচ্ছিল ভারী লোকসান। কোটি কোটি টাকা যাচ্ছিল ডুবে। আশাহত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। যদিও আজ বদলে গেল বাজারের রং। দিনের শুরু থেকেই লাফানো শুরু করেছে ভারতের স্টক মার্কেট।
এখন প্রশ্ন হল, হঠাৎ কেন উঠতে শুরু করেছে ভারতের বাজার? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমেরিকার কোর্টে ধাক্কা খেয়েছেন ট্রাম্প। তাঁর শুল্ক লাগানোর নীতি যে ঠিক নয়, সেটা জানিয়ে দিয়েছে আমেরিকার কোর্ট। তারপর ট্রাম্প প্রথমে ১০ শতাংশ এবং ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ শতাংশ ট্যারিফ বসিয়ে দেন। তবে তারপরও শুল্ক আগের থেকে অনেকটাই কম। আর সেই কারণেই আজ বাড়তে শুরু করেছে ভারত সহ বিশ্বের একাধিক দেশের শেয়ারবাজার। সেনসেক্স এবং নিফটি চড়তে শুরু করেছে।
হু হু করে বাড়ছে শেয়ার সূচক
আজ দিনের শুরু থেকেই সেনসেক্স বা বম্বে স্টক এক্সচেঞ্জ লাফাতে থাকে। ৮২৯০৬.৮৩ পয়েন্টে এটির ওপেনিং হয়। শুক্রবার এটি ক্লোজ করেছিল ৮২,৮১৪.৭১ পয়েন্টে। অর্থাৎ আজ কিছুটা বেড়েই শুরু করে সেনসেক্স। তারপর কিছুক্ষণের মধ্যে এটি পৌঁছে যায় ৮৩৪৮৬ পয়েন্ট।
একই হাল হয় নিফটিরও। এটি ২৫৬৭৮ পয়েন্টে দিন শুরু করে। আগের দিনের ক্লোজিং ২৫৫৭১ থেকে কিছুটা উপরেই শুরু করে এই সূচক। তারপর রকেটের গতিতে উত্থান হয় এই সূচকের। এটি পৌঁছে যায় ২৫৭৭১.৪৫ পয়েন্টে।
কোন কোন স্টকে আজ মুনাফা হচ্ছে?
শেয়ারবাজারে একাধিক স্টক আজ মুনাফা দিচ্ছে। সেই তালিকায় রয়েছে আদানি পোর্টসের শেয়ার ২.৮০ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ২.১০ শতাংশ, কোট্যাক ব্যাঙ্কের শেয়ার ১.৬০ শতাংশ এবং এইচডিএফসি-এর শেয়ার ১.৫০ শতাংশ বেড়েছে লার্জক্যাপ ক্যাটাগোরিতে।
এছাড়া মিডক্যাপ ক্যাটাগোরিতে ভারত ফোর্জের শেয়ার ২ শতাংশ, পলিসি বাজারের শেয়ার ১.৯৫ শতাংশ এবং ভেল-এর শেয়ার ১.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ও দিকে আবার স্মলক্যাপ ক্যাটাগোরিতে কোহ্যান্স শেয়ার ৪.৮০ শতাংশ এবং আইআইএফএল শেয়ার ৪.২০ শতাংশ বেড়েছে।
ট্যারিফের খেলা শেষ হতেই ছুটছে বাজার
ডোনাল্ড ট্র্রাম্পের ট্যারিফ খেলা শেষ করে দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তারপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বাজার হু হু করে বাড়তে শুরু করেছে। এশিয়ার মার্কেটের মধ্যে জাপান ছাড়া সব বাজারই ঊর্ধ্বমুখী।
এ দিকে আজ সকালে ভারতের শেয়ারের বাজারের ১৬৭৬টি শেয়ারের দাম বেড়েছে। মাত্র ৮৩০টির দাম কমেছে। আর ২৫৭টি শেয়ারের দাম একই রয়েছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।