
ডলারকে শক্তিশালী করার জন্য যাবতীয় পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। অবস্থা এমন যে রাশিয়ার সঙ্গেও চুক্তি করার মতো জায়গায় যাচ্ছে ট্রাম্প সরকার। মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, মস্কোর সঙ্গে একটি চুক্তি সারতে পারে ওয়াশিংটন। যদি এই চুক্তি হয়, তবে বিশ্বব্যাপী শেয়ার বাজার চাঙ্গা হতে পারে। আবার অন্যদিকে হু হু করে নীচের দিকে নামতে পারে সোনা ও রুপোর দর।
আসলে গত বৃহস্পতিবার ব্লুমবার্গ-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইকোনমিক পার্টনারশিপ-এর অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই আলোচনায় রাশিয়া মার্কিন ডলার সেটেলমেন্ট সিস্টেমে ফিরে আসার বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে সূত্রের দাবি। অর্থাৎ এই চুক্তি হলে, রাশিয়া যে কোনও লেনদেন ডলারের মাধ্যমে পারবে।
এই খবর সামনে আসতেই সোনা ও রুপোর দামে ব্যাপক পতন ঘটে। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। পাশাপাশি রুপোর দামেও ৮ শতাংশের এরও বেশি পতন ঘটে। MCX-এও বিশাল পতন ঘটে সোনার দামে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে ডলার বাণিজ্য চুক্তির খবর ছাড়াও, সোনা ও রুপোর দাম পতনের আরেকটি কারণ হল ফেডের হার কমানোর আশা দুর্বল হয়ে পড়া।
আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঠিক কী চলছে?
ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, তেল এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের মতো বিষয় নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক চুক্তির সাতটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বছরের পর বছর ধরে বাণিজ্য বন্ধ রাখার পর ডলার-ভিত্তিক ব্যবসায় ফের রাশিয়ার এন্ট্রি।
সোনা ও রুপোর দাম কি কমবে?
আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি হলে সোনা ও রুপোর মতো নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে বিক্রির চাপ দেখা যেতে পারে। ডলারের দাম শক্তিশালী হওয়ার ফলে মানুষ সোনা ও রুপো ছেড়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। এর ফলে সোনা ও রুপোর দামে কিছুটা সংশোধন আসতে পারে। অর্থাৎ দাম অনেকটা কমতে পারে।