
বিয়ের বয়স বয়েছে, কিন্তু পছন্দমতো মেয়ে জুটছে না। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজও তিনি করবেন না। তাহলে উপায়? নিজের পছন্দমতো পাত্রী খুঁজতে তাই এক অভিনব সিদ্ধান্ত নিলেন ব্রিটেনের এক যুবক। বার্মিংহাম এবং ম্যাঞ্চেস্টার শহরজুড়ে বিলবোর্ড টাঙালেন ২৯ বছরের মোহাম্মদ মালিক।
পাকিস্তানি বংশোদ্ভূত এলিজেবল ব্যাচেলর মোহাম্মদ মালিক বিলবোর্ডে নিজের ছবিও টাঙিয়েছেন। তাতে লেখা রয়েছে ‘আমাকে অ্যারেঞ্জ ম্যারেজের হাত থেকে বাঁচান!’ মোহাম্মদ মালিকের বক্তব্য, ‘এখনো পছন্দমতো পাত্রীর সন্ধান পাইনি। এটা খুবই জটিল একটা কাজ। নিজেকে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং আমার চাহিদাকে আরও প্রকাশ্যে আনতেই এই সিদ্ধান্ত।’
কেমন পাত্রী চান তিনি?
মালিক বলেন, ‘তিনি পারিবারিক পছন্দের বিয়ের ধারণার বিরোধী নন। কিন্তু প্রথমে নিজে থেকে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন তিনি।’ লন্ডন-ভিত্তিক এক ব্যাঙ্কে পরামর্শক মালিক বিয়ের জন্য মেয়ে খুঁজলেও এতদিন পাননি। পরে নিজের বিয়ের জন্য মেয়ে খুঁজে পেতে একটি ওয়েবসাইট চালু করেন তিনি। তারঁ কথায়, “আমার স্ত্রীর বয়স হতে হবে ২০-র মধ্যে।” বিলবোর্ড টাঙানোর পর থেকেই মোহম্মদের কাছে শয়ে শয়ে মেসেজ আসছে।
সঙ্গী পেলেন কি মালিক?
শনিবার বিজ্ঞাপনটি দেওয়ার পর থেকে মালিক বলেছেন যে, তিনি ইনবক্সে শত শত আগ্রহীর বার্তা পেয়েছেন। তবে তিনি এসব বার্তা দেখার সময় পাইনি। তাঁর কথায়, ‘আমি এখনও সেসব দেখার সময় পাইনি। আমাকে এর জন্য কিছু সময় বের করতে হবে- আমি এই অংশটি আগে ভাবিনি’। মালিক বলেন, বিজ্ঞাপনটি দেওয়ার আগে তিনি মেয়েদের সঙ্গে দেখা করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেছিলেন। অবশেষে, একজন বন্ধু পরামর্শে নিজেই ময়দানে নেমেছেন।
১৪ জানুয়ারি পর্যন্ত বিলবোর্ড থাকবে
আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিলবোর্ড থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডন নিবাসী এই যুবক। বিয়ের জন্য বিজ্ঞাপনী বিলবোর্ড তৈরিতে পরিবারের সদস্য এবং তার বাবা-মায়েরও সমর্থন আছে বলে দাবি মালিকের। তবে তার মাকে এই বিষয়ে রাজি করাতে সামান্য বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মাকে একটু বোঝাতে হয়েছিল।’