
Who Owns Oil Found Under Your Land: বাড়িতে নলকূপ বসাবেন। খুঁড়তে খুঁড়তে হঠাৎ কালো তেল বের হতে শুরু হল। তেলের খনি! শুনেই কেমন একটা শিহরণ হচ্ছে, তাই না? কিন্তু ভেবেই দেখুন, এমনটা হলে সেই তেল কার? জমির মালিকের, না সরকারের? ভারতে এই বিষয়ে আইন কী বলে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকের। ভারতে খনিজ সম্পদের মালিকানা নিয়ে নির্দিষ্ট আইন রয়েছে। বিশেষ করে তেল, গ্যাস, কয়লা বা অন্যান্য মূল্যবান খনিজ পদার্থের ক্ষেত্রে নিয়ম একেবারেই আলাদা। সাধারণভাবে আমরা যে জমি কিনি বা যার মালিক হই, তা মূলত 'সারফেস রাইটস'। সহজ বাংলায়, জমির শুধুমাত্র উপরিভাগের অধিকারই আপনার। কিন্তু জমির নিচে থাকা খনিজ সম্পদের মালিকানা সেই ব্যক্তির হাতে থাকে না।
এই ক্ষেত্রে প্রযোজ্য আইন হল Mines and Minerals (Development and Regulation) Act, 1957। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের সমস্ত খনিজ সম্পদ মূলত রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ, আপনার বাড়ির নিচে যদি তেল বা গ্যাসের ভাণ্ডার পাওয়া যায়, তার মালিক আপনি হবেন না, বরং সরকার হবে।
শুধু তাই নয়, তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আইন রয়েছে। সেটি হল Oilfields (Regulation and Development) Act, 1948। এই আইনের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং ব্যবহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। ফলে ব্যক্তিগত জমির নিচে তেল থাকলেও, তা খননের অধিকার সরকারের হাতেই থাকে।
তাহলে জমির মালিক কিছুই পাবেন না?
বিষয়টি ঠিক তেমনও নয়। যদি কোনও জমির নিচে তেল বা খনিজ পাওয়া যায় এবং সরকার সেই জায়গায় খনন বা প্রকল্প শুরু করে, তাহলে জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করে জমির মূল্য, ব্যবহার এবং প্রকল্পের পরিধির উপর।
বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই জমি অধিগ্রহণ করা হয়। সেই সময় জমির মালিক আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা পান। তবে খনিজ সম্পদের লাভ বা মালিকানার অংশীদার হওয়ার সুযোগ থাকে না।
কিছু দেশে কিন্তু নিয়মটা আলাদা। যেমন, আমেরিকার মতো দেশে অনেক সময় জমির মালিকের কাছেই খনিজ সম্পদের অধিকার থাকে। ফলে সেখানে ব্যক্তিগতভাবে তেল বা গ্যাস পেলে বিপুল টাকা করার সুযোগ হয়। মধ্যপ্রাচ্যে বহু 'শেখ' প্রজন্মের পর প্রজন্ম সেই টাকাতে রাজার হালে আছেন। কিন্তু ভারতে সেই ব্যবস্থা নেই।
এই নিয়মের মূল কারণ হল, খনিজ সম্পদকে এদেশে 'জাতীয় সম্পদ' হিসেবে দেখা হয়। দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সমবন্টনের স্বার্থে সরকার এই সম্পদের উপর নিয়ন্ত্রণ রাখে।
তাই জেনে রাখুন, আপনার বাড়ির নিচে যদি তেলের খনি পাওয়া যায়, তাহলে তা ব্যক্তিগত সম্পত্তি হবে না। আইন অনুযায়ী সেই সম্পদের মালিক রাষ্ট্রই। তবে জমির মালিক হিসেবে আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। এটাই ভারতের নিয়ম।