উত্তরপ্রদেশের বস্তি জেলায় এক যুবকের দণ্ডবত যাত্রা ঘটনাকে ঘিরে চর্চা তুঙ্গে। যোগেশ নামে এক যুবক নিজের বিবাহবিচ্ছেদ উদযাপন করতে ৯ কিলোমিটার দীর্ঘ দণ্ডবত যাত্রা করে সকলকে চমকে দিয়েছেন। মাত্র দু’বছরের দাম্পত্য জীবনেই ক্রমাগত অশান্তি ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাঁকে। অবশেষে সম্পর্ক ভাঙনের পথে এগোলে তিনি ভানপুরের বাডওয়া মাতা মন্দিরে এক অদ্ভুত মানত করেন, বিবাহ থেকে মুক্তি পেলে দণ্ডবত যাত্রা করে মন্দিরে পৌঁছবেন। এরপরেই আইনগত বিচ্ছেদ সম্পন্ন হতেই নিজের প্রতিশ্রুতি রাখতে এক ভোরবেলায় যাত্রা শুরু করেন যোগেশ। সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও গ্রামের মানুষজন, যারা ভক্তিগান গেয়ে তাঁকে উৎসাহ জোগান। প্রায় সারাদিনের পরিশ্রমের শেষে সন্ধ্যায় মন্দিরে পৌঁছন তিনি। ততক্ষণে তাঁর হাঁটু রক্তাক্ত, শরীর ক্লান্তিতে অবসন্ন। তবুও মুখে ছিল এক অদ্ভুত শান্তি ও মুক্তির অনুভূতি।