
Weather Update: ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে সৃষ্ট হওয়া এই নিম্নচাপটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে সরে যাচ্ছে। খুব সম্ভবত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার বিকেলে ওড়িশার উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের উপর দিয়ে স্থলভাগে নিম্নচাপটি প্রবেশ করবে। তারপরে সেটি ক্রমশ পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরে যেতে থাকবে। এই গভীর নিম্নচাপের জেরে উত্তর ওড়িশা, পশ্চিমবাংলার উপকূলবর্তী জেলাগুলি এবং ঝাড়খণ্ডের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে।
একাধিক জায়গায় ঝড়
অন্যদিকে, নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে চলছে দফায় দফায় মুষলধারে বৃষ্টি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপটও। ঝোড়ো হাওয়ার দাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। প্রবল বিপাকে পড়েন পথচলতি মানুষ। বড়সড় দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পায় গাড়িগুলি।
ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে প্রশাসনের তৎপরতায় বিদ্যুৎ দফতর, দমকল ও পুলিশ কর্মীরা এসে গাছগুলি সরিয়ে দিয়ে যান। এদিন সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত হবে এই ৩ জেলায়। রায়দিঘীতে ঝড়ের জেরে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর।
উপকূলে বাড়তি নজর
নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুর, বকখালির মতো সৈকত শহরগুলিকে বেশি করে সাবধান করা হয়েছে। সপ্তাহশেষে পর্যটকদের ভিড় বেশি থাকে এই সময়ে। ফলে কড়া নজর রেখেছে প্রশাসন। শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্রস্নানেও সতর্ক করা হয়েছে। নিম্নচাপটি এখন দিঘা থেকে ২৫০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ফলে দিঘাতেও এই নিম্নচাপের ভালো প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।