
রাজ্য বাজেটে পাহাড়ের বরাদ্দ নিয়ে সন্তুষ্ট নন অনিত থাপা। সরকারের কাছে পাহাড়ের বরাদ্দ আরও বৃদ্ধি করার দাবি জানাতে কলকাতা যাবেন তিনি। এমনটাই জানিয়েছেন পাহাড় প্রশাসনের এক নম্বর ব্যক্তি। আরও ১০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর দাবি করবেন তিনি বলে জানা গিয়েছে।
শনিবারই কলকাতা যাচ্ছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) চিফ এগজিকিউটিভ অনিত থাপা (Anit Thapa)। তাঁর সফর তিন দিনের হতে চলেছে বলে জানা গিয়েছে। তিনি মুখ্যসচিব সহ রাজ্যের বিভিন্ন দফতরের প্রধান সচিবের সঙ্গে আলোচনা করবেন। বকেয়া টাকা দ্রুত মেটানো, বিভিন্ন দপ্তরে নিয়োগ, এখনও যে সমস্ত দপ্তর হস্তান্তর নিয়ে জটিলতা রয়েছে সেগুলি দ্রুত নিষ্পত্তির দাবিও জানানো হবে।
সেই সঙ্গে জিটিএ-র উন্নয়নে বার্ষিক আর্থিক বরাদ্দ ২০০ কোটি থেকে বাড়িয়ে অন্তত ৩০০ কোটি টাকা করা, অনিতের সঙ্গে বেশ কয়েকটি দফতরের এগজিকিউটিভ সভাসদ এবং আধিকারিকরা কলকাতায় যাচ্ছেন। তাঁরা কলকাতায় থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছ থেকেও সময় চাইবেন বলে জানা গিয়েছে।
গত বছর নভেম্বরে দার্জিলিং সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছিলেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ‘আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত উন্নয়ন বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি সেই সব বোর্ডের অডিট, প্রকল্পের অগ্রগতির উপর নজরদারির জন্য মনিটরিং সেল তৈরি করা হবে। ওই সেলের চেয়ারম্যান করা হবে জিটিএ’র চিফ এক্সিকিউটিভ অনিত থাপাকে আর এলবি রাই হবে ভাইস চেয়ারম্যান। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন অনিত। তিনি জানান, আমরা সরকারের সঙ্গে মিলে আগামীতে আরও উন্নয়নের কাজ করব।