Advertisement

রং খেলাকে কেন্দ্র করে মালদায় বচসা, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ৩ জন

গুলিবিদ্ধ হন অরুণ মণ্ডল, ঘিসু রজক এবং সম্রাট রজক নামে তিনজন যুবক। প্রত্যেকের বয়স তিরিশের কাছাকাছি। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

মালদায় শ্যুটআউটমালদায় শ্যুটআউট
Aajtak Bangla
  • মালদা,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 5:48 PM IST

দোলের আনন্দে আচমকাই রক্তাক্ত পরিস্থিতি মালদায়। রং খেলার মাঝেই গুলি চলার ঘটনায় জখম হলেন তিন যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবকে কেন্দ্র করে এদিন এলাকায় রং খেলার পাশাপাশি মদের আসর বসেছিল। সেই সময় আচমকাই বচসা শুরু হয় কয়েকজনের মধ্যে। অভিযোগ, সেই বচসা থেকেই বড়সড় সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি।

স্থানীয়দের দাবি, এলাকার এক রেশন ডিলার সমীর দাশগুপ্ত ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে ঘটনাস্থলে এসে গুলি চালান। পরপর কয়েক রাউন্ড গুলি চলতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় গুলিবিদ্ধ হন অরুণ মণ্ডল, ঘিসু রজক এবং সম্রাট রজক নামে তিনজন যুবক। প্রত্যেকের বয়স তিরিশের কাছাকাছি। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College Hospital)।

আহতদের এক আত্মীয় অশোক সরকার জানান, দোল উপলক্ষে মাঠে রং খেলা চলছিল। সেই সময় আচমকাই রেশন ডিলার সমীর দাশগুপ্ত তাঁর দলবল নিয়ে এসে হামলা চালায়। অভিযোগ, বন্দুক থেকে গুলি চালানো হলে কয়েকজনের হাত ও পায়ে গুলি লাগে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

 

Read more!
Advertisement
Advertisement