
TMC's Udayan Guha's niece joined Bjp: কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কোচবিহারের বাড়ি ‘ঘেরাও’ করে বিজেপিকে চাপে রাখার কৌশল নিয়েছিল তৃণমূল। রবিবার ছিল দিনভর কর্মসূচি। তারই মধ্যে কর্মসূচির মূল উদ্যোক্তা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ভাগ্নি বিজেপিতে যোগ দিয়েছেন। যা নিয়ে অস্বস্তিতে তৃণমূল। যদিও মুখে তা স্বীকার করতে চাইছেন না তাঁরা। ঘটনার গুরুত্ব নেই বলে অবশ্য প্রকাশ্যে দাবি করেছেন উদয়নবাবু। এদিকে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। উদয়নবাবুর সঙ্গে পরিবারের কেউ সম্পর্খ রাখতে চাইছেন না বলে মন্তব্য করেন তিনি।
বিএসএফের গুলিতে সম্প্রতি কোচবিহারের এক যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় কেন্দ্রীয় সরকার ও তার স্থানীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে অন্যতম দায়ী করে উত্তরবঙ্গে এসে তাঁর বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সেই নির্দেশ মেনেই রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নেয় তৃণমূল। এই কর্মসূচিতে জেলায় মুখ্য ভূমিকা গ্রহণ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর কর্মসূচির মধ্য়েই সেই উদয়নের ভাগ্নি উজ্জ্বয়িনী রায় যোগ দেন বিজেপিতে। মামা যেখানে তীব্র বিজেপি বিরোধী, সেখানে ভাগ্নিকে দলে টেনে নিয়ে উচ্ছ্বসিত বিজেপি। আর উজ্জ্বয়িনীদেবী বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই দল করতে চান বলে জানিয়ে দিয়েছেন। এমনকী নিশীথবাবুর সহযোগিতাতেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের জন্য কাজ করতে চান বলেও জানিয়ে দিয়েছেন। মামা উদয়ন অবশ্য ভাগ্নিকে ‘সাবধান’ হওয়ার পরামর্শ দিলেন।
তাঁর মামা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা কোচবিহারের প্রথমসারির তৃণমূল নেতা। অথচ তিনি বিরোধী দলে যোগ দেওয়ায় কাজ করতে সমস্যা হবে কি না, জিজ্ঞাসা করা হলে জবাবে উজ্জ্বয়িনী বলেন, অবশ্য তা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর আদর্শকে মেনে চলতে চাইছেন। সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইছেন। তিনি জানিয়েছেন, এত দিন দেশের বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। উত্তরবঙ্গের মেয়ে হিসাবে এখন সেখানকার জন্য কাজ করতে চান। পূর্ণ সময় রাজনীতি করতে চান। তিনি বলেন, উত্তরবঙ্গের জন্য প্রকৃত কাজ করা সম্ভব বিজেপিতে যোগ দিয়েই। তবে তাঁর রাজনীতিতে আদর্শ উদয়ন নয়, বরং উদয়নের বাবা তথা তাঁর দাদু কমল গুহ। বামফ্রন্টের আমলে ২৫ বছরের মন্ত্রী কমলবাবুর আদর্শেই কাজ করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে উদয়ন অবশ্য় ভাগ্নি বিজেপিতে না গেলেই পারতেন বলে জানান। তবে গেলেও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনও লাভ-ক্ষতি হবে না বলে জানান। তবে দেখা হলে একটা পরামর্শ তিনি দিতে চান বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। উদয়নের পরামর্শ, "উজ্জ্বয়িনীর বয়স অল্প, দেখতেও ভাল। বিজেপির বিষয়ে যেন সাবধান থাকেন।" কেন তা অবশ্য় খুলে বলেননি তিনি। এদিকে এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, 'ওনার বোন ভাগ্নি পরিবারের লোক, এই ধরনের গুন্ডাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায়না। ওর রাজনীতি দিনহাটাতেই সীমাবদ্ধ। আমাদের এক মন্ত্রী থাকে, তার পরিবারের লোকেদের কষ্ট দিচ্ছে। এই ধরনের লোক সমাজে অবাঞ্চিত।'