
স্কুটারের পাদানিতে কার্টনে থরে থরে সাজানো কাফ সিরাপ। দেখে মনে হবে যেন মিনি স্টোর। সিটের নীচের ডিকিতে আরও ছোট ছোট শিশি-বোতল থরে থরে সাজানো। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। প্রথমে মেডিক্যাল স্টোরে ডেলিভারির কথা বললেও কোনও নথি দেখাতে পারেনি।
শিলিগুড়িতে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম নরেশ কামটি (৪৭)। তিনি শহরের কুলিপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বুধবার রাতে চম্পাসারির স্টেট গেস্ট হাউসের সামনে বিশেষ তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি স্কুটিতে করে সন্দেহজনকভাবে যাচ্ছিলেন নরেশ। তাঁর পায়ের কাছে রাখা একটি কার্টন দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। স্কুটি থামিয়ে তল্লাশি চালাতেই ওই কার্টন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপের বোতল।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিরাপের কোনও বৈধ কাগজপত্র বা প্রেসক্রিপশন দেখাতে পারেননি ধৃত। এরপরই মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার সামগ্রী হিসেবে বিক্রির উদ্দেশ্যেই এই সিরাপ পাচার করা হচ্ছিল। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।