
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক ও প্রোটোকল সংক্রান্ত জটিলতা এবার বড়সড় রদবদলের পথে হাঁটল। বিতর্ক ও কেন্দ্র-রাজ্য টানাপড়েনের আবহে অবশেষে সরিয়ে দেওয়া হল শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন সৈয়দ ওয়াকার রাজা। উল্লেখ্য, সৈয়দ ওয়াকার রাজা এর আগে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, সি সুধাকরকে উত্তরবঙ্গ আইবি-র আইজিপি পদে স্থানান্তরিত করা হয়েছে।
শিলিগুড়ির পুলিশ মহলে এই রদবদল নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরের সময় অনুষ্ঠানস্থলের আকস্মিক পরিবর্তন এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে। যা নিয়ে নবান্ন ও দিল্লির মধ্যে চিঠি চালাচালিও কম হয়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রের তরফে দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাওয়া হয়েছিল। সেই উত্তপ্ত আবহের মধ্যেই রাজ্য প্রশাসন এই রদবদলের পথে হাঁটল বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক এই রদবদল কেবল পুলিশ প্রশাসনেই সীমাবদ্ধ থাকেনি। এর আগেই দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে সুনীল আগরওয়ালকে। জেলাশাসকের পর এবার পুলিশ কমিশনারের অপসারণ উত্তরবঙ্গের প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতির সফরের মতো অতি সংবেদনশীল বিষয়ে কোনওরকম খামতি বা প্রোটোকল নিয়ে ওঠা অভিযোগকে যে হালকাভাবে নেওয়া হচ্ছে না, এই বদলি সেই বার্তাই দিচ্ছে। নতুন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার সামনে এখন পাহাড় ও সমতলের আইন-শৃঙ্খলা রক্ষা করাই প্রধান চ্যালেঞ্জ।