
Siligur People Arrested: অনুষ্ঠানবাড়িতে রান্নার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির ঢাকনিকাটা এলাকার তিনজন। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিকাশ ও পূজা নামে এক দম্পতি এবং লক্ষ্মী রায় নামে এক তরুণী। এই ঘটনায় রহস্যজনক ভূমিকা ও অসংলগ্ন বয়ানের অভিযোগে পার্বতী সরকার নামে তাঁদেরই এক সঙ্গীকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে কিষাণগঞ্জে একটি অনুষ্ঠানে রান্নার কাজের কথা বলে পার্বতীর সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তিনজন। লক্ষ্মী তাঁর ১০ বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বুধবার পার্বতী একাই ওই শিশুকে নিয়ে ঢাকনিকাটা এলাকায় ফিরে আসেন এবং লক্ষ্মীর স্বামী মৃন্ময় রায়ের হাতে শিশুটিকে তুলে দেন। মৃন্ময়বাবুর অভিযোগ, স্ত্রীর বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি পার্বতী। বরং তিনি বলেন, লক্ষ্মী আর ফিরবেন না। এই বক্তব্যে সন্দেহ ঘনীভূত হয়।
অভিযোগের ভিত্তিতে প্রধাননগর থানায় পার্বতীকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, কিশনগঞ্জ থেকে কাজের সন্ধানে তাঁরা রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন। সেখান থেকেই বিকাশ-পূজা দম্পতি ও লক্ষ্মী অন্যত্র চলে যান এবং লক্ষ্মী তাঁর সন্তানকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তবে নিখোঁজ তিনজনের মোবাইল ফোনই সুইচ অফ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
কিশনগঞ্জ থেকে জয়পুর যাওয়া এবং সেখান থেকে হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।