Advertisement

TMC Internal Conflict Jaynagar: 'বিধায়ক পরিবর্তন চাই', জয়নগরে মোড়ে মোড়ে পড়ল 'তৃণমূলী' পোস্টার

TMC Internal Conflict Jaynagar: জয়নগর স্টেশন সংলগ্ন এলাকা, বাজার চত্বর ও ব্যস্ত মোড়গুলিতে এই পোস্টারগুলি লাগানো হয়। সকালে দোকানপাট খোলার সময় সাধারণ মানুষের নজরে আসতেই এলাকায় শুরু হয় জোর আলোচনা। ভোটের মুখে এমন পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

'বিধায়ক পরিবর্তন চাই', জয়নগরে মোড়ে মোড়ে পড়ল 'তৃণমূলী' পোস্টার'বিধায়ক পরিবর্তন চাই', জয়নগরে মোড়ে মোড়ে পড়ল 'তৃণমূলী' পোস্টার
স্বপন কুমার মুখার্জি
  • জয়নগর,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 7:13 PM IST

TMC Internal Conflict Jaynagar: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা এলাকায় হঠাৎই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। শুক্রবার সকালে জয়নগর শহরের বিভিন্ন এলাকায় এমন কিছু পোস্টার চোখে পড়ে, যেখানে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লেখা, “বিধায়কের পরিবর্তন চাই”। পোস্টারের নীচে ‘সৌজন্যে তৃণমূল কর্মীরা’ লেখা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

জয়নগর স্টেশন সংলগ্ন এলাকা, বাজার চত্বর ও ব্যস্ত মোড়গুলিতে এই পোস্টারগুলি লাগানো হয়। সকালে দোকানপাট খোলার সময় সাধারণ মানুষের নজরে আসতেই এলাকায় শুরু হয় জোর আলোচনা। ভোটের মুখে এমন পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

এই ঘটনার পর বিরোধী দলগুলির দাবি, শাসকদলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছে। তাঁদের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভই এই পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও বিধায়ক বিশ্বনাথ দাস সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।বিধায়ক বলেন, “এই পোস্টার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উন্নয়নের কাজ ব্যাহত করতেই পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এ ধরনের অপচেষ্টায় তাঁরা বিভ্রান্ত হবেন না।”

আরও পড়ুন

এ বিষয়ে জয়নগর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর দাবি করেন, মানুষের ক্ষোভই এই পোস্টারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত থেকে শুরু করে নানা জনপ্রতিনিধিত্বের পদে লোক বসানো হয়েছে। তিনি বলেন, “আমরা শুধু বিধায়কের পরিবর্তন চাই না, জয়নগরে তৃণমূলেরই পরিবর্তন চাই।”

দক্ষিণ ২৪ পরগনা সিপিএম জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিকের দাবি, পোস্টারে ‘সৌজন্যে তৃণমূল কর্মীরা’ লেখা থেকেই স্পষ্ট যে দলের অন্দরের ক্ষোভ সামনে এসেছে। তাঁর বক্তব্য, “রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখার ফলেই এই পরিস্থিতি। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।”

অন্যদিকে, তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য খান জিয়ারুল হক বলেন, বিরোধীরাই তৃণমূলের নাম ব্যবহার করে এই পোস্টার লাগিয়েছে। তাঁর দাবি, “দলের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে তদন্তের দাবি করছি।”

Advertisement

ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট নয়। তবে ভোটের আগে এই পোস্টার কাণ্ড জয়নগর বিধানসভায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন জোর জল্পনা।

 

রিপোর্টারঃ প্রসেনজিৎ সাহা

Read more!
Advertisement
Advertisement