
দেশে যেন আর বাবরি মসজিদ তৈরি না হয়। এই আবেদন করে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছিল আর্জি। যদিও সেই আবেদন শুনতেই চাইল না শীর্ষ আদালত। আর এমনটা হওয়ার পরই আবেদনকারীর আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন বলে খবর মিলছে।
মাথায় রাখতে হবে যে তৃণমূলের সাসপেন্ডেট বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আর সেই মসজিদ যাতে না হয়, সেই দাবি জানিয়েই আবেদন হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও সেই দাবি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এ দিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদন শুনতেই চাননি। আর এই কারণেই দ্রুত মামলাটা তুলে নেন আইনজীবী।
আবেদনকারীর দাবি ছিল, ভারতে আক্রমণ চালায় বাবর। তাই দেশের কোনও স্থানে যেন বাবারের নামে মসজিদ তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে হবে। আবেদনকারী আরও দাবি করেন যে, বাবর হিন্দুদের দাস বানিয়ে রেখেছিল। তাই এমন কাজ যারা করছেন, তাদের নামে কোথাও মসজিদ তৈরি করা উচিত নয়। যদিও তার দাবি উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ এই মামলা শুনতেই চায়নি। ফলে বাবরি মসজিদ তৈরি হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
কী চলছে?
মাথায় রাখতে হবে, বাবরি মসজিদ তৈরি হবে বলে আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন। সেই মতো এই মাসের ১১ তারিখ মুর্শিদাবাদের বেলডাঙায় শুরু হয়ে যায় কাজ। কাজ শুরুর আগে হয় নামাজ পড়া। এমনকী বিরাট বড় পদযাত্রাও হয়। অবশ্য এসবের আগে তিনি সোশ্যাল মিডিয়ায় এই মসজিদের ডিজাইন পোস্ট করেন। সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায়।
তবে প্রথম থেকেই এই মসজিদ তৈরির বিরোধিতা করেছে কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এমনকী কিছু সংগঠন এই মসজিদ ভেঙে দেওয়ার হুমকিও দেয়। এমন পরিস্থিতিতে এক আবেদনকারী সারা দেশে যেন বাবরি মসজিদ তৈরি না হয়, সেই আবেদন করেন সুপ্রিম কোর্টে। আর সেখানেই ধাক্কা। তাই এটা সহজেই বলা যায় যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরিতে আর তেমন একটা বাধা রইল না। যদিও এখনও এই বিষয়ে হুমায়ুনের মন্তব্য পাওয়া যায়নি। তবে এটা যে আদতে তাঁর একটা জয়, সেটা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞই।