
রমজান ও ইদ-উল -ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাংলায় পালিত হবে ইদ। তার আগে রাজ্য সরকারের কাছে এই দাবি পেশ করলেন কংগ্রেস নেতা। তবে শুধুমাত্র ৩ দিনের ছুটি নয়, এর সঙ্গেই আরও একাধিক দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
অধীর চৌধুরী জানিয়েছেন, রমজান ও ইদ মুসলিম সম্প্রদায়ের কাছে গভীর ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন করে। সেই প্রেক্ষিতে তিনি প্রস্তাব দেন, রমজান মাসে বিশেষ রেশন বরাদ্দ করতে হবে, বাজারদর নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে, ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা চালু রাখতে হবে, ঈদের আগে অতিরিক্ত ট্রেন ও বাস পরিষেবা চালু করতে হবে, ঈদ সপ্তাহে গুরুত্বপূর্ণ পরীক্ষা রাখা চলবে না, রোজা পালন করছে এমন কর্মীদের সুবিধার্থে সাময়িকভাবে অফিসের সময়সূচি পরিবর্তন করতে হবে। পাশাপাশি, ন্যূনতম তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।
কংগ্রেস নেতা স্পষ্ট করে বলেন, এই দাবিগুলি কোনও বিশেষ সুবিধা নয়। বরং উৎসবের সময় প্রশাসনিক মানবিকতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে রমজানের উপবাস। একমাস উপবাসের পরে ২০ এবং ২১ মার্চ নাগাদ পালিত হবে ইদ-উল-ফিতর। এই সময়ই ৩ দিনের ছুটির দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত, গত সপ্তাহেই মুর্শিদাবাদের মানুষ ও অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীর আবেগকে মর্যাদা দিয়ে মহারাজা কৃষ্ণনাথের নামেই বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠির মাধ্যমে রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন অধীর।