
এবছর বিজয়া দশমীর রাতে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে মৃত্যু হয় ৮ জনের। ঘটনার পরেই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে বিপর্যয়ে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুজোর পর উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারই মালবাজারের স্বজনহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন তাঁদের সঙ্গে। আর মঙ্গলবার মালবাজারে উদ্ধারকাজে যেসব সাধারণ মানুষ জীবন বাঁচাতে নেমেছিলেন তাঁদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের হাতে স্মারক ছাড়াও ১ লক্ষ টাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত সূচি অনুযায়ী মঙ্গলবার মালবাজারে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সূচি বদলে সোমবার বিকেলেই মৃত তপন অধিকারীর বাড়িতে পৌঁছে যান মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ অন্যান্যরা। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিপর্যয়, দুর্যোগ, অঘটন ঘটে। মালে এমনই একটি ঘটনা ঘটেছিল। হড়পা বানে বা জলটি কোথা থেকে এসেছে, সেটি পরে তদন্ত করে বেরোবে। আটজন মারা গিয়েছেন। আমি নিজে ছয়জনের বাড়িতে গিয়ে দেখা করলাম। আর একজনের পরিবার এখানে নেই। তাঁরা গয়ায় গিয়েছেন। আমি এদের সঙ্গে কথা বলে গেলাম।”
মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মালবাজারের বিসর্জন বিপর্যয়ের ঘটনায় উদ্ধারকারীদের। প্রত্যেকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের কাজের খোঁজখবর নেন। আর্থিক পুরস্কারের পাশাপাশি চাকরির বিষয়টিরও আশ্বাস দেন।