
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বিজেপি কর্মী।
ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম ত্রিলোকেশ ঢালি, তিনি এলাকার এক বিজেপি নেতার বাবা। অভিযোগ, সকাল প্রায় ৮টা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে করে এসে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি সোজা তাঁর বুকে লাগে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর রুরাল হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে আহত নেতার পরিবারের অভিযোগ, শাসকদল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে রয়েছে। ত্রিলোকেশ ঢালির ছেলে ত্রিদীপের দাবি, আগে সাগর এলাকায় এত দুষ্কৃতীর দাপট ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে।
ত্রিদীপ আরও দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বাবা প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। বিজেপির তরফে টিকিট পাওয়ার সম্ভাবনাও ছিল। সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হতে পারে বলে তাঁর অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এলাকায়।