Advertisement

Bangaon: 'স্ত্রীকে পুড়িয়ে মারার চক্রান্ত,' বনগাঁয় BJP MLA-র গুরুতর অভিযোগ, কেন?

বিজেপি সূত্রে দাবি, ওই গাড়িতে অশোক কীর্তনীয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও উপস্থিত ছিলেন। অভিযোগ, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী গাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় ভাঙচুর। গাড়ির কাচ ভাঙা হয়, গাড়িকে ক্ষতিগ্রস্ত করা হয়।

বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা।-ফাইল ছবিবিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 1:39 PM IST
  • উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।
  • অভিযোগ, গোপালনগর থানার বেলডাঙা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর পরিবারের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়।

উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার পরিবারের ওপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, গোপালনগর থানার বেলডাঙা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর পরিবারের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক নিজে। যদিও শাসকদল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপি সূত্রে দাবি, ওই গাড়িতে অশোক কীর্তনীয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও উপস্থিত ছিলেন। অভিযোগ, অনুষ্ঠান শেষ করে বেরোনোর সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী গাড়িটি ঘিরে ফেলে। শুরু হয় ভাঙচুর। গাড়ির কাচ ভাঙা হয়, গাড়িকে ক্ষতিগ্রস্ত করা হয়।

অশোক কীর্তনীয়ার অভিযোগ, 'তৃণমূলের হার্মাদরা আমার স্ত্রীকে গাড়ির ভিতর পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। গাড়িটাকে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে।' তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, 'দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বনগাঁ অচল করে দেওয়ার মতো কর্মসূচিও নেওয়া হতে পারে।'

রাজ্যে এর আগেও বিজেপি নেতা-নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনা এখনও রাজনৈতিক মহলে আলোচনায়। তারই মাঝে আবার বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

অন্যদিকে, তৃণমূলের তরফে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। গোপালনগর ব্লক ১ তৃণমূল সভাপতি তাপস পাল একটি সংবাদমাধ্যমকে বলেন, 'উনি এলাকার বিধায়ক। কিছু সাধারণ মানুষ ওঁর গাড়ি থামাতে চেয়েছিলেন। একটু আগেই এসআইআর ইস্যুতে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মানুষ সেই বিষয়েই প্রশ্ন তুলতে চেয়েছিল। ধাক্কাধাক্কি হয়েছে শুনেছি, কিন্তু তৃণমূলের কোনও যোগ নেই।'
 

 

Read more!
Advertisement
Advertisement