
পাছে চুরি-ডাকাতি হয় সেই ভয়ে বাড়ি ফাঁকা রেখে কোথাও যেতে পারেন না? তাহলে আপনার দুশ্চিন্তার সমাধান হয়ত এবার হতে চলেছে। চোর-ডাকাতের হাত থেকে বাড়িকে রক্ষা করতে অভিনব এক যন্ত্র বানিয়ে ফেলেছেন রূপনারায়ণপুরের বাসিন্দা রেলের প্রাক্তন ইঞ্জিনিয়ার সুশোভন দে। নয়া এই যন্ত্রের নাম দিয়েছেন 'হোম সেফটি ডিভাইস'।
সুশোভন দে জানাচ্ছেন, রেলের ইঞ্জিনিয়ারের চাকরি ছাড়ার পর বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেন তিনি। শিল্পাঞ্চলের বিভিন্ন বাড়িতে বাসিন্দাদের অবর্তমানে চুরির ঘটনা বাড়তে দেখে নতুন কিছু একটা করার ভাবনা মাথায় আসে। তিনি চিন্তাভাবনা করেন এমন কিছু একটা বানাতে হবে যাতে বাসিন্দারা বাড়িতে না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে বুঝতে পারেন তাঁদের বাড়িতে অবাঞ্ছিত কারও প্রবেশ ঘটেছে কি না। আর সেটা বুঝতে পারলেই প্রতিবেশী ও পুলিশের সাহায্যে আটকানো যাবে চুরি-ডাকাতি। সেই ভাবনা থেকেই এই আবিস্কার।
কীভাবে কাজ করবে যন্ত্রটি?
কীভাবে এই যন্ত্র বানিয়েছেন বা কীভাবে এটি কাজ করবে তাও সবিস্তারে জানালেন সুশোভনবাবু। তিনি বলেন, ডিভাইসের সঙ্গে থাকবে একটা কমদামের মোবাইল ফোন। ডিভাইসটি বাড়ি বা ফ্ল্যাটের মূল দরজাতে লাগানো থাকবে। ডিভাইসের ফোনটির সঙ্গে নিজের মোবাইল নম্বর দেওয়া থাকবে। ফলে বাড়ির সদস্যদের অবর্তমানে চুরির জন্য কেউ দরজা খুললেই ভেতরে থাকা মোবাইল থেকে পরিবারের সদস্যের মোবাইলে ফোন চলে যাবে। যার জেরে সতর্ক হয়ে যাবেন বাড়ি সদস্যরা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
খরচ কত?
কিন্তু এই ডিভাইস তৈরি করতে খরচ কত পড়বে? সুশোভনবাবু জানাচ্ছেন, সম্পূর্ণ ডিভাইস তৈরি করতে খরচ ১ হাজার টাকা, আর তা চলবেও আজীবন। তাঁর আশা এর ফলে অনেকটাই আটকানো যাবে চুরি-ডকাতির মতো ঘটনা।