
নদিয়ার কল্যাণীতে কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার। বৃহস্পতিবার হাসপাতালের বয়েজ হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম পুলক হালদার। পাঁচদিন ধরে তাঁকে দেখা যায়নি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এই পড়ুয়াকে শেষ দেখা গিয়েছিল ২০ ফেব্রুয়ারি কলেজ ক্যান্টিনে। তারপর থেকে নিজের হস্টেলেই ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, গত তিন দিন ধরে পড়ুয়ার হস্টেলের ঘরের দরজা বন্ধ ছিল। গত কয়েকদিন তাঁর কেউ খোঁজও নেয়নি। আজ সকাল থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ছাত্রের মৃত্যু হল তদন্ত করছে পুলিশ। খুন, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু কল্যাণী পুলিশ খতিয়ে দেখছে।
কলেজ সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামুয়ায়। আগামী মাসে তাঁর পরীক্ষা ছিল। পড়াশোনার চাপ ছিল কিনা, কোনও মানসিক অবসাদ ছিল কিনা সে ব্যাপারে সহপাঠিদের প্রশ্ন করা হয়। তবে তারা কিছু বলতে পারেনি। পুলকের পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা বাড়ি থেকে জেএনএম-এ আসছেন।