Advertisement

West Bengal Weather: হালকা ঠান্ডা ভাবটা কতদিন থাকবে? গরম নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

West Bengal Weather: আবহাওয়ার খামখেয়ালিপনায় অস্থির রাজ্যবাসী। দিন কয়েক তাপমাত্রা বাড়ার পর হঠাৎ পারদ পতন। বেলায় প্রখর রোদে হালকা গরম অনুভব হচ্ছে। রোদ কাটলেই নামছে ঠান্ডা। দিন দুয়েক তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম রয়েছে। তবে তিনদিন পরেই ফের বদলে যাবে আবহাওয়া। তীব্র গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে।

Summer Weather Summer Weather
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Mar 2025,
  • अपडेटेड 6:57 AM IST

West Bengal Weather: রাজ্যে আবহাওয়ার খামখেয়ালি ভাব অব্যাহত। কয়েকদিন ধরে পারদ ওঠানামায় বিভ্রান্ত সাধারণ মানুষ। দিনের বেলায় রোদের তাপে হালকা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা ফিরে আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। তবে এরপর দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচে নেমেছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮.৮ ডিগ্রির আশেপাশে রয়েছে, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও একই ধারা বজায় থাকছে। তবে দু’দিন পর থেকে পারদ বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে, যা চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বিশেষ করে শনিবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তাই ওই দিন জন্য উত্তরবঙ্গের চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হোলি পর্যন্ত আবহাওয়া বেশ মনোরম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাত ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। আগামী সপ্তাহে অবশ্য দক্ষিণবঙ্গে তাপমাত্রার বাড়বাড়ন্ত হতে পারে।

Read more!
Advertisement
Advertisement