রাজ্যে আপাতত শীতের আমেজ আরও দু’দিন বজায় থাকবে। বিশেষ করে ভোরবেলা আর রাতের দিকে শীতের অনুভূতি বেশ স্পষ্ট থাকবে। সকালের কুয়াশা আর হালকা ঠান্ডা হাওয়া মিলিয়ে শীতের ছোঁয়া টের পাবেন সকলে। তবে দিনের বেলায় সেই কনকনে ঠান্ডা আর থাকছে না। রোদ উঠলেই শীতের অনুভূতি অনেকটাই ফিকে হয়ে যাবে। অর্থাৎ সকাল-রাত শীত, দুপুরে অনেকটাই আরামদায়ক আবহাওয়া—এমনটাই থাকছে আপাতত।এবার আসা যাক তাপমাত্রার পূর্বাভাসে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে রয়েছে। একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। ফলে ভোরবেলায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বৃহস্পতিবার, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।