
পাকিস্তানে ফের বিস্ফোরণ। যার জেরে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে শিশুও। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের সংখ্যা ১৪। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বন্দর শহর করাচির একটি বহুতলের প্রথম তলায় এই বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'করাচির ওল্ড সোলজার বাজারে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। আজ থেকেই রমজান মাস শুরু হয়েছে। শেহরির সময় ভোরে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।'
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল, এক না তার বেশি সিলিন্ডার ফেটেছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এক জন চিকিৎসক জানিয়েছেন, ১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে ভর্তি আরও ১৪ জন। তাঁদের মধ্য়েও দু একজন মারা যেতে পারেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বিস্ফোরণের জেরে সেই বিল্ডিংয়ের একটা দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকেও নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা।
দমকলের এক কর্তা জানিয়েছেন, বাড়ির নিচের তলাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেগুলো সরানোর কাজ চলছে। ভিতরে আরও ম়ৃতদেহ থাকলেও থাকতে পারে। তবে বেসরকারি সূত্রে খবর, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৬।
স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে ২ থেকে ১৭ বছর বয়সী শিশু রয়েছে নয়জন। আহতদের মধ্যেও সাতজন শিশু।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি করাচির গুল প্লাজা শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছিল। তার আগেও গত জুলাইয়ে লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়। সে সময় সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি জানিয়েছিল, করাচিতে ৫৮৮টি ভবনকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।