
ফের একবার খবরের শিরোনামে বিশ্বের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি ইলন মাস্ক। বরাবরই নতুন ধরনের কথা বলে সংবাদ শিরোনামে থাকেন স্পেস এক্স-এর CEO। কখনও তিনি বলেন, ভবিষ্যতে মানুষের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ বেশিরভাগ কাজ AI-ই করে দেবে। আবার কখনও কখনও তিনি দাবি করেন, পৃথিবীর বাইরে মানুষের বসতি স্থাপন করবেন। নেটিজেনরা তাঁর বেশিরভাগ কথাকেই আলোচনার বিষয়বস্তু করে তোলেন। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি।
এবার তিনি দাবি করেছেন, ভবিষ্যতে বিশ্ব থেকে দারিদ্র্য সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। 'ট্রাম্প অ্যাকাউন্টস' প্রস্তাবে বিলিয়নিয়ার বিনিয়োগকারী রে ডালিওর সমর্থনের প্রতিক্রিয়া দিতে গিয়েই মাস্ক এই কথা লিখেছেন।
এলন মাস্ক এই উদ্যোগকে 'ভালো পদক্ষেপ' বলেও দাবি করেও বলেন, ভবিষ্যতে এমন কিছুর আর প্রয়োজন হবে না। কারণ মাস্কের মতে, ভবিষ্যতে সকলেরই অনেক বেশি পরিমাণে আয়ের (ইউনিভার্সাল হাই ইনকাম) সুযোগ থাকবে এবং দারিদ্র্য ইতিহাসে হয়ে যাবে।
এই ইউনিভার্সাল হাই ইনকাম কী?
ইউনিভার্সাল হাই ইনকাম বলতে এমন একটি ব্যবস্থা বোঝায় যেখানে সবারই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতো যথেষ্ট আয় থাকে। এলন মাস্কের মতে, AI এবং প্রযুক্তির সাহায্যে উৎপাদন এত সস্তা এবং দ্রুত হয়ে উঠবে যে প্রত্যেকেই সম্মানজনক এবং অনেক বেশি আয় করতে পারবে।
রে ডালিও কী বললেন?
রে ডালিও এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন, "ট্রাম্প অ্যাকাউন্ট চালু করার জন্য আমি ব্যক্তিগতভাবে ট্রাম্প প্রশাসনকে সাধুবাদ জানাই। ডেল পরিবারের সমর্থন এবং ডালিও ফিলানথ্রপিস সহ অন্য সংস্থাগুলিকে এর মধ্যে নেওয়ার সিদ্ধান্তের জন্যও আমি কৃতজ্ঞ।" এই পোস্টের উত্তরে ইলন মাস্ক লিখেছেন, "ডেল পরিবারের এই উদ্যোগ অবশ্যই ভালো, তবে ভবিষ্যতে কোনও দারিদ্র্য থাকবে না, তাই অর্থ সঞ্চয় করার প্রয়োজন হবে না।" তিনি আরও বলেছেন, "ভবিষ্যতে প্রত্যেকেরই ইউনিভার্সাল হাই ইনকাম থাকবে।"
ইলন মাস্কের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। এক ব্যক্তি প্রশ্ন করেছেন, "যদি সবকিছু কার্যত বিনামূল্যে হয়, তাহলে মানুষ কেন জিনিস তৈরি করতে উৎসাহিত হবে?"
আরেকজন নেটিজেন লিখেছেন, "এমনভাবে বিষয়টা বলছেন, যেন মনে হচ্ছে পাঁচ বছরের একটা বাচ্চার সঙ্গে গল্প করছেন। আপনি যা বলছেন, তার সঙ্গে এটাও বলুন যে, আজ যাদের টাকা আছে, তারা কেন চাইবে সকলে বড়লোক হবে?"