
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে মঙ্গলবার ভোররাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দাবি, তিনি ‘রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামে এক চোখের রোগে ভুগছেন, যা দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে অ্যান্টি-ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর আগে ২৪ জানুয়ারি প্রথম ডোজ নেওয়া হয়েছিল। চিকিৎসার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাঁর হৃদরোগ সংক্রান্ত পরীক্ষা, ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি করে। রিপোর্ট স্বাভাবিক আসার পরই চোখের চিকিৎসা শুরু হয়। পুরো প্রক্রিয়াটি ‘ডে-কেয়ার’ ভিত্তিতে সম্পন্ন হয় এবং পরে তাঁকে আবার জেলে ফিরিয়ে আনা হয়।
তবে এই চিকিৎসা প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই এবং ইমরান খানের পরিবার। তাঁর বোন আলেমা খানম অভিযোগ করেন, তাঁদের না জানিয়ে মধ্যরাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি হাসপাতালের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। পিটিআই-এর দাবি, স্বচ্ছতার স্বার্থে ইমরান খানের চিকিৎসা বেসরকারি শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে করানো হোক।
অন্যদিকে, পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানান, সরকার মানবিক কারণে আইনসম্মত সব চিকিৎসা সুবিধাই দিচ্ছে। তাঁর দাবি, প্রথম ডোজের পর ইমরান খানের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। আগামী ২৪ মার্চ তৃতীয় ডোজ দেওয়ার কথা রয়েছে।