Advertisement

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় যুবকের রহস্যমৃত্যু, ৬ দিন ধরে ছিলেন নিখোঁজ

প্রায় ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর মার্কিন মুলুকে উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ। ঘটনা ঘিরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্যালিফোর্নিয়ায় উদ্ধার ভারতীয় যুবকের দেহক্যালিফোর্নিয়ায় উদ্ধার ভারতীয় যুবকের দেহ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Feb 2026,
  • अपडेटेड 11:27 AM IST
  • মার্কিন মুলুকে উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ।
  • সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে।
  • কিন্তু কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল?

প্রায় ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর মার্কিন মুলুকে উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ। ঘটনা ঘিরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেট  সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্নাটক থেকে আমেরিকায় পড়তে যাওয়া ওই ২২ বছরের  সাকেত শ্রীনিবাসাইয়ার কোনও খোঁজ মিলছিল না। তাঁর রুমমেট বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এমনকি কর্ণাটকের মুখ্যসচিব শালিনী রজনীশও ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে কূটনৈতিক হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে উদ্ধার হল তাঁর নিথর দেহ।

কিন্তু কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল? এটি কোনও খুন নাকি আত্মহত্যার ঘটনা- তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে রবিবার বলা হয়েছে, "নিখোঁজ ভারতীয় ছাত্র সাকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ওঁর পরিবার এবং প্রিয়জনদের এই কঠিন সময়ে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পরিবারকে সবরকম সাহায্য করবে ভারতীয় দূতাবাস। যত দ্রুত সম্ভব সাকেতের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে। পরিবারের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রেখেছি।"

সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর পাঠরত ছিলেন। তিনি IIT মাদ্রাজের-এর প্রাক্তন ছাত্র। বেঙ্গালুরুর শ্রী বাণী শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেছিলেন তিনি।

জানা গিয়েছে,  গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরে সকেতকে শেষবার দেখা যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ও স্থানীয়রা তল্লাশি চালিয়েও কোনও লাভ হয়নি। যদিও পাশের একটি বাড়ির সামনে থেকে তাঁর পাসপোর্ট ও ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়। তারপরেও তল্লাশিতে কোনও সুরাহা মেলেনি। অবশেষে এদিন তাঁর দেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হল। তবে ঘটনায় আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ এই মৃত্যুর ক্ষেত্রে এখনও কোনও তথ্যই জানাতে পারেনি।

 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement