
দূর থেকে দেখলে মনে হবে কোনও গ্রাম নির্মাণের কাজ চলছে, কিন্তু ভিতরে গেলেই গ্রামবাসীদের বদলে সেনাকে দেখা যাবে। ভারত সীমান্ত বরাবর এলএসিতে তোর্সা নদীর তীরে এবার গ্রাম বানাতে দেখা যাচ্ছে চিনা সেনাকে। সেখানে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না ওটা আদতে সেনাদেরই থাকার জায়গা। এলাকাটির দূরত্ব ডোকালাম থেকে মাত্র ৯ কিলোমিটার। সম্প্রতি স্যাটেলাইন ছবির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভারত-ভূটান সীমান্তে এই ছবিগুলি নিয়ে এখন চিন্তার মেঘ দেখা গিয়েছে। মাক্সার টেকনোলজি বলে একটি সংস্থা স্যাটেলাইট ছবিগুলি সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে চিনা সেনারা আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে। প্রায় ৩ ডজন বাড়ি রয়েছে সেখানে। ইন্ডিয়া টুডে পরে ছবিগুলি রিভিউ করে। জানা গিয়েছে, গ্রামের অপরদিকে সামরিক পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। সেখানে বাঙ্কার তৈরি করছে চিনা সেনারা। সীমান্তের অনেক কাছেই এমন কাজকর্ম চালাচ্ছে চিনা সেনারা। জানা গিয়েছে, পুরো এলএসিতে এখনও পর্যন্ত চিনা সেনাদের এমন ১২টির মতো গ্রাম রয়েছে। কয়েকটি তো অরুণাচল প্রদেশ ও সিকিমের দিকেও রয়েছে। সেই গ্রামগুলির সড়ক চিনে বড় শহরের ৪ লেনে রাস্তার মধ্যে গিয়ে মিশেছে।
ডোকালামের খুব কাছে গ্রাম
নতুন যে ছবিগুলি দেখা যাচ্ছে সেগুলির দূরত্ব ডোকালাম থেকে প্রায় ৯কিমি। আর এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। লাদাখ নিয়ে বেশ কয়েকমাস ধরে উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশ। এই সুযোগে চিন ফের ডোকালাম ইস্যু খুঁচিয়ে তুলতে চাইছে কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রায় ১ বছর ধরে ধাপে ধাপে এই গ্রামটি নির্মাণ করেছে চিন। ২০১৭ সালেও ডোকালাম ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে। প্রায় অনেকদিন দুই দেশের সেনা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল। পরে সেই সংঘাত মেটে। এখন লাদাখের উত্তপ্ত পরিস্থিতির আবহে চিন ডোকালাম ইস্যুতে ফের তুলতে চাইছে কিনা তা নিয়ে চলছে জল্পনা। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নয়া দিল্লিও।