
ইসলামিক স্টেটের এক জঙ্গিকে সম্প্রতি গ্রেফতার করেছে রাশিয়া। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়ে ওই জঙ্গির হামলার লক্ষ্য ছিল ভারত। দেশের ক্ষমতাসীন দলের বড় নেতাকে টার্গেট করার ছক ছিল ওই জঙ্গির। তবে সেই নেতার নাম কিংবা পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, নুপূর শর্মার বিতর্কিত ধর্মীয় মন্তব্যটি ঘিরে ওই জঙ্গি ক্ষুব্ধ ছিল। তুরস্কে গিয়ে বিশেষ প্রশিক্ষণ নেয় সে। ভারতে আসার জন্য তোড়জোড়ও শুরু করেছিল। কিন্তু রাশিয়ান গোয়েন্দারা আগেই ওই জঙ্গিকে নাগালে পেয়ে যায়। খবর দেওয়া হয়েছে ভারতেও। জানা গিয়েছে, এনআইএ কিংবা আইবি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ওই জঙ্গিকে।
গ্রেফতার হওয়া জঙ্গির নাম Azamov Mashahont। বছর ২০-র আজমভ জঙ্গি নেতাদের সঙ্গে টেলিগ্রাম মারফত যোগাযোগ করেছিল। নুপূর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে ভারতে আত্মঘাতী হানার ছক কষেছিল সে। মধ্য এশিয়ার বাসিন্দা আজমভ। দীর্ঘদিন তুরস্তে সন্ত্রাসী ট্রেনিং নিয়েছে সে। তারপরে রাশিয়া হয়ে ভারতে যাওয়ার প্ল্যান ছিল তার। প্রয়োজনীয় কাগজপত্রও খোঁজা শুরু করে দিয়েছিল। কিন্তু এই সময়ে গোপন সূত্র মারফত খবরটি আসে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির কাছে। গ্রেফতার করা হয় আজমভকে। তাকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসে তদন্তকারীদের হাতে।
সূত্রের খবর, ইতিমধ্যে ভারত সরকার যোগাযোগ করেছে রাশিয়ার সঙ্গে। এনআইএ এবং আইবি-র আধিকারিকদের পাঠানো হতে পারে জেরার সঙ্গে। সূত্রের খবর, টেলিগ্রাম অ্যাপে কোনও ভারতীয় আইএসআইএস গোষ্ঠী যুক্ত আছে কিনা তাও জানার চেষ্টা করবে এনআইএ। বিশেষ করে আজমভ একা রয়েছে কিংবা তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে আজমভ স্বীকার করেছে যে ভারতে কেউ একজন তাকে সাহায্য করত। এমনকী প্রয়োজনীয় নথিও খুঁজে দিত। এখন সেই ব্যক্তিটি কে, সেই তথ্যই জানার চেষ্টা চলছে।