
ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আমেরিকার কংগ্রেস সদস্য ব্র্যাড শার্মান নতুন বোমা ফাটালেন। ডোনাল্ড ট্রাম্পের দিকে দিকে ছুড়লেন গুরুতর অভিযোগ। শার্মান জানান, ট্রাম্প প্রশাসন রাশিয়ার থেকে তেল কেনার অজুহাতে ভারতের উপর নতুন করে শুল্ক চাপানোর চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, ভারতের উপর শুল্ক চাপানো হলেও একই অপরাধে হাঙ্গেরি এবং চিনের উপর কোনও ট্যারিফ বসাচ্ছে না আমেরিকা। আর এই কারণেই নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক খারাপ দিকে যাচ্ছে বলে মনে করছেন তিনি।
নতুন ফন্দি করছেন ট্রাম্প
শার্মান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'ভারতের উপর ভারী শুল্ক চাপানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।'
তিনি দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনার অপরাধেই এই শুল্ক চাপানো হবে। যদিও চিন বা হাঙ্গেরি রাশিয়া থেকে জ্বালানি কিনলেও ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের বেলায় যত দোষ।
তাঁর আরও অভিযোগ, ভারত মাত্র ২১ শতাংশ তেল কেনে রাশিয়ার থেকে। কিন্তু নয়াদিল্লির উপর শুল্ক চাপানোর চেষ্টা করছে আমেরিকা। তাই শার্মানের দাবি, ট্রাম্পের উচিত এখনই নিজের সিদ্ধান্তের বিবেচনা করা। কারণ, অনেকেই রাশিয়া থেকে তেল কিনছেন। তবে অন্যদের উপর কোনও শাস্তি চাপানো হচ্ছে না। শুধু মার খাচ্ছে ভারত!
তিনি লেখেন, 'আমাদের বন্ধু রাষ্ট্রেকে টার্গেট করা হচ্ছে। প্রেসিডেন্টের উচিত এই নীতি দ্রুত বদলে ফেলা।'
ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি ফাইনাল স্টেজে
ইতিমধ্যেই নয়াদিল্লি এবং ওয়াশিংটনের বাণিজ্য চুক্তি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দুই দেশই অন্তবর্তী ডিলে সহমত হয়েছে। এর ফলে ভারতের উপর থেকে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে যেই ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ২৫ শতাংশ ট্যারিফ কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। তাই বেড়েছে আমেরিকায় পণ্য রফতানি।
যদিও এখনও ফাইনাল ডিলে সই হয়নি। আশা করা হচ্ছে মার্চেই চুক্তি সই হয়ে যাবে। যদিও তার আগেই শার্মানের এই দাবি নতুন করে শুল্ক জল্পনা উস্কে দিল। ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের উপর শুল্ক চাপাবেন বলে দাবি করছেন তিনি। আর তাঁর কথা সত্যি হলে আবার নতুন করে জটিলতা তৈরি হবে। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি চলে যেতে পারে বিশ বাঁও জলে। তাই শার্মানের দাবি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়!