
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা দিল মার্কিন সুপ্রিম কোর্ট। আদালত জানাল,ট্রাম্পের শুল্ক আরোপ করার কোনও আইনি অধিকার নেই। বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের চাপানো এই শুল্ক অবৈধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় জরুরি অবস্থার জন্য সংরক্ষিত আইনের অপব্যবহার করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা ক্ষমতার অপব্যবহার।
মার্কিন নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে ৬-৩ ভোটে ট্রাম্পের বিপক্ষে গিয়েছে রায়। আদালত মনে করিয়ে দিয়েছে,আইন মোতাবেক শুল্ক আরোপ করার ক্ষমতা নেই মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন নিম্ন আদালত কী রায় দিয়েছিল? ওই রায়ে বলা হয়েছিল, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে অতিরিক্ত আমদানি শুল্ক চাপিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প।
কী এই আইন?
১৯৭৭ সালের এই আইন মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় জরুরি অবস্থার সময় বাণিজ্য নিয়ন্ত্রণ করার অনুমতি দেয়। কিন্তু এতে শুল্ক আরোপের উল্লেখ নেই।
মার্কিন কংগ্রেসের অনুমতি নেননি প্রেসিডেন্ট
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে লিখেছেন,প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো বিশেষ ক্ষমতার দাবি প্রয়োগ করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদনপত্র দেখাতে হবে। তিনি তা করতে পারেননি।
শুল্ক আরোপ করার সময় যুদ্ধকালীন জরুরি ক্ষমতা ব্যবহারের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতের মতে, শান্তিপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধকালীন ক্ষমতায় শুল্ক আরোপের অধিকার নেই প্রেসিডেন্টের।
সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির মধ্যে ৬ জনের ভোটই গিয়েছে ট্রাম্পের বিপক্ষে। প্রধান বিচারপতি জন রবার্টসের রায়, কর আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের। কর আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেয়নি সংবিধান।