
অসমে ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে নাকি অসমের রাজনীতি নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। সেখানে কংগ্রেস নেতা গৌরব গগৈ-কে ‘ক্লিনচিট’ দেওয়া হচ্ছে।
হিমন্তের বক্তব্য, 'পাকিস্তানের মিডিয়ায় প্রতিদিন টক শো হচ্ছে, যেখানে গৌরব গগৈকে নির্দোষ বলা হচ্ছে। এর থেকেই শক্তিশালী পাকিস্তান-যোগের ইঙ্গিত পাওয়া যায়।' তিনি প্রশ্ন তোলেন, কেন একটি বিদেশি দেশের সংবাদমাধ্যম অসমের নির্বাচনে এত আগ্রহ দেখাবে?
তাঁর অভিযোগ, একটি 'লেফট-লিবারেল গোষ্ঠী' পরিকল্পিতভাবে সনাতন ধর্মকে শেষ করার চেষ্টা করছে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী-র সাম্প্রতিক অসম সফর নিয়েও কটাক্ষ করেন শর্মা। তাঁর দাবি, এই সফরই প্রমাণ করে কংগ্রেসের আত্মবিশ্বাসের অভাব। বলেন, 'ওঁরা জানেন যে হেরে যাচ্ছেন, তাই এখানে এসে একাধিক সভা করে চলে গেলেন।'
অন্যদিকে, AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকেও নিশানা করতে ছাড়েননি অসমের মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, নির্বাচনের সময় যতই ভিন্ন স্লোগান উঠুক না কেন, ফল ঘোষণার পর কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র এবং তাঁর নিজের স্লোগানই প্রাধান্য পাবে।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে অসমে ভোটের লড়াই ক্রমেই তীব্র আকার নিচ্ছে। প্রতিটি দলই নিজেদের অবস্থান শক্ত করতে আক্রমণাত্মক কৌশল নিচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাকযুদ্ধ, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক উত্তেজনা।