
রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। দলের এক শীর্ষ নেতার সূত্রে জানা গিয়েছে, শনিবার অমিত শাহ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করবেন।
‘অভিযোগনামা’ বা ‘চার্জশিট’ নামে এই নথিতে গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটে যাওয়া দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং অব্যবস্থাপনার একাধিক অভিযোগ তুলে ধরা হবে বলে দাবি বিজেপির।
শাহ আজ, শুক্রবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন এবং শনিবার বিকেলে নিউ টাউনের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। জানা গিয়েছে, নথিতে মোট ১৪টি ক্ষেত্রে তৃণমূল সরকারের ‘ব্যর্থতা’ তুলে ধরা হবে।
এই অভিযোগপত্রে প্রশাসনে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিন্ডিকেট রাজের বিস্তার এবং স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সংকটের মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বিজেপির পরিকল্পনা, এই ‘চার্জশিট’-এর মাধ্যমে তৃণমূলের দুর্বল দিকগুলি তুলে ধরা এবং পরবর্তীতে নিজেদের নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্রে’ বিকল্প রূপরেখা পেশ করা। সূত্রের খবর, সেই ইশতেহার আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে।
নির্বাচনকে সামনে রেখে গত দু’মাসে একাধিকবার রাজ্যে সফর করেছেন অমিত শাহ। সাংগঠনিক বৈঠক, জনসভা এবং বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে দলীয় সংগঠনকে মজবুত করতেই তাঁর এই ঘনঘন সফর।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা করা হবে ৪ মে। এই পরিস্থিতিতে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।