
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহ এবার ছড়িয়ে পড়েছে ওড়িশার তীর্থনগর পুরীতেও। ‘বঙ্গ-অভিযান’-এর অংশ হিসেবে বিজেপি পুরী শহরজুড়ে বাংলা ভাষায় হোর্ডিং টাঙিয়ে নজর কাড়ছে। বিশেষ করে জগন্নাথ মন্দিরে আগত দর্শনার্থীদের উদ্দেশে দেওয়া এই বার্তাগুলি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এই হোর্ডিংগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির একাধিক শীর্ষ নেতার ছবি ব্যবহার করা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, 'শ্রী জগন্নাথ ধামে আপনাদের স্বাগতম। বাংলায় সনাতনীদের অধিকার রক্ষায় আপনাদের অংশগ্রহণ অপরিহার্য।' শহরের সমুদ্রসৈকত, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এবং গ্র্যান্ড রোডের মতো জনবহুল এলাকাতেই এই প্রচারফলকগুলি স্থাপন করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরীতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেই কারণেই তাদের লক্ষ্য করেই এই প্রচার কৌশল নিয়েছে বিজেপি। পুরীর বাঙালি বাসিন্দারাও মনে করছেন, বাংলা নির্বাচনের আবহ এখানে প্রভাব ফেলাটা অস্বাভাবিক নয়, কারণ পুরী ও কলকাতার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও আবেগের যোগ রয়েছে।
তবে এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে সমালোচনাও। অনেক পর্যটকই জানিয়েছেন, তাঁরা বিশ্রাম ও ধর্মীয় উদ্দেশ্যে পুরীতে এলেও এখানে রাজনৈতিক প্রচার দেখতে হচ্ছে, যা তাঁদের বিরক্ত করছে। স্থানীয় কিছু যুবক বাংলা ভাষায় হোর্ডিং টাঙানোর বিরোধিতা করে ক্ষোভও প্রকাশ করেছেন; এমনকি একটি হোর্ডিং সরিয়ে ফেলার ঘটনাও সামনে এসেছে।