
মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী নয়, গরিব মুসলিমের ছেলেমেয়েই হবে নেতা। বাংলায় এসে এমনটাই বললেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি হুমায়ুন কবীরের সঙ্গে জোট বেঁধে লড়ছেন এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। বুধবার নওদার প্রচার সভা থেকে AIMIM-এর সাংসদ বলেন, 'বছরের পর বছর ধরে আমরা মুসলিমরা কখনও কংগ্রেসকে ভোট দিয়েছি, কখনও কমিউনিস্টদের। গত ১৫ বছর ধরে মমতাকে ভোট দিচ্ছিলাম। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাদের ছেলেমেয়েদের কোনও চাকরি হয়েছে? জীবন বদলেছে? ভোট দেওয়ার মেশিন হয়ে গিয়েছিলাম আমরা। আপনাদের কাছে আমার এটাই আর্জি, এবার আপনাদের হুমায়ুন কবীরকে ভোট দিয়ে নিজের ছেলে-ভাইকে জেতান।'
মোদী এবং মমতাকে একসারিতে ফেলে তীব্র আক্রমণ করেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, 'আপনারা আসলে কখনও চাননি মুসলিমদের নেতা তৈরি হোক। মোদী আর মমতা আপন ভাই-বোনের মতো। মমতা-মোদীর সেটিং হয়ে গিয়েছে। তাই এবার আপনারা নিজের ভাই, হুমায়ুন কবীরকে জেতান।'
মুসলিম সংখ্যালঘুদের জন্য নতুন নেতা তৈরির জন্যই তাঁদের এই লড়াই বলে জানান আসাদউদ্দিন। শুধু তাই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৯ সালের সংসদ নির্বাচনেও এই আম জনতা উন্নয়ন পার্টি এবং AIMIM-এর জোট লড়বে বলে জানান তিনি। AIMIM সাংসদ বলেন, 'হিন্দুদের বিরোধিতা করা আমাদের লক্ষ্য নয়। আমরা মোদী-মমতাকে ভয় পাই না। আল্লাহকে ভয় পাই শুধু। ২৩ তারিখ তৃণমূলকে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিন। আর মনে রাখবেন, মমতা, মোদীর মধ্যে কোনও ফারাক নেই। মমতা, মোদী আমাদের নেতা নয়। গরিবের ছেলেমেয়ে নেতা হবে। আমরা দুই ভাই মিলে সেই নেতা তৈরি করব।'