
আজ দুই দিনের বঙ্গ সফরে আসছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখা এবং গ্রাসরুট স্তরের কর্মীদের উজ্জীবিত করাই তাঁর এই সফরের উদ্দেশ্য বলে জানা গিয়েছে। আর এই সফরকে কেন্দ্র করে দলের মধ্যে বিরাট সাংগঠনিক তৎপরতা দেখা গিয়েছে।
আগেও এসেছেন
বিজেপি সভাপতি হওয়ার পর বাংলায় এসেছেন নিতিন নবীন। কিন্তু নির্বাচন ঘোষণার পর এই প্রথম তাঁর রাজ্য সফর। আর তাঁর এহেন সফরেই পরিষ্কার যে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোটমুখী বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছেন।
প্রচারে নামবেন প্রধানমন্ত্রী মোদী
রাজ্যে সরকার গঠনের লক্ষ্য নিয়েছে বিজেপি। সেই মতো অলআউট প্রচারের কৌশল নিয়েছে তাঁরা। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৪টি সভা ও রোডশোর মাধ্যমে প্রচারে নামবেন। সূত্রের দাবি, মোদীর প্রচারের শেষ পর্বে কলকাতায় একটি বড়সড় রোডশো করার সম্ভাবনা রয়েছে। আর প্রধানমন্ত্রীর এই সফর নিয়েও আলোচনা করবেন নিতিন।
নিতিনের সফরে কী হবে?
এই সফরে নিতিন নবীন রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাশাপাশি ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। প্রচার পরিচালনার কাজে যুক্ত কোর টিমের সঙ্গে আলোচনা করবেন।
পাশাপাশি গ্রাসরুট কর্মীদের মধ্যে আরও উদ্দীপনা তৈরি করতেও চান তিনি। এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানোরও লক্ষ্য নিয়েছেন তিনি।
আজ কী করবেন?
২৪ মার্চ সকাল ৯:৪৫ মিনিটে নিতিন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখানে দলের সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানাবেন।
সকাল ১১টায় রাজারহাটের একটি হোটেলে হাওড়া ও হুগলি সাংগঠনিক জোনের বৈঠকে সভাপতিত্ব করবেন।
দুপুরে দলের আইটি ও কল সেন্টার টিমের কাজ পর্যালোচনা করবেন। ডিজিটাল প্রচার আরও শক্তিশালী করাই হবে মূল লক্ষ্য।
বিকেল ৪টে ৩০ নাগাদ রাজ্যের সোশ্যাল মিডিয়া, মিডিয়া ও ন্যারেটিভ টিমের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশল বৈঠক করবেন। বিরোধীদের প্রচারের মোকাবিলায় নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে খবর। সন্ধে ৬টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী ও ঊর্ধ্বতন দলের নেতাদের সঙ্গে নির্বাচন কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে।
দ্বিতীয় দিন, অর্থাৎ বুধবার সকাল ৯:৫৫ নাগাদ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেবেন নিতিন।
এরপর ১১টা নাগাদ সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে রাজ্য রাজ্য বিজেপির ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন। বুথস্তরের প্রস্তুতি ও মাইক্রো-প্ল্যানিং নিয়ে হবে আলোচনা।
বেলা ১২টা নাগাদ মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি-এসটি মোর্চা, ওবিসি মোর্চাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হবে। এরপর রাজ্য নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠকের জন্য দুপুরে নিউ টাউনের একটি হোটেলে যাবেন।
বিকেল ৩টে ৩০ নাগাদ নদিয়া সাংগঠনিক জোনের বৈঠকের বক্তব্য রাখবেন। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের বার্তা দেবেন।