
ছাব্বিশের বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই ঘুঁটি সাজিয়ে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এতটুকু ছাড় দিচ্ছে না প্রধান বিরোধীদল বিজেপিও। বামেরাও জোরকদমে নিজেদের প্রার্থীদের প্রচারে নামিয়ে দিয়েছে। জেলায় জেলায় সবপক্ষই করছে জনসংযোগ। এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে তৈরি হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টিও প্রার্থী ঘোষণা করে ওয়েইসি-র মিম-এর সঙ্গে জোটের ঘোষণা করে দিয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচন নিয়ে এতদিন পুরো নিশ্চুপ ছিল প্রদেশ কংগ্রেস। প্রশ্ন উঠছিল হাত শিবিরের পরিকল্পনা নিয়ে।
অবশেষে 'শীতঘুম' কাটিয়ে গা ঝাড়া দিল কেন্দ্রের প্রধান বিরোধী দল। সূত্রের খবর, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কংগ্রেস। বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্ব বিস্তারিত আলোচনা করেছেন বলে সূত্রের খবর।
বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, AICC-এর সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি. বেণুগোপাল। এছাড়াও, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর রায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের একাধিক শীর্ষ নেতা এই বৈঠকে যোগ দেন। বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও।
পাশাপাশি সিইসি সদস্য অম্বিকা সোনি, মধুসূদন মিস্ত্রি, সলমান খুরশিদ, ত্রিভুবনেশ্বর শরণ সিং দেও, কেলাচন্দ্র জোসেফ জর্জ, পান্না লাল পুনিয়াও এই বৈঠকে হাজির ছিলেন। এছাড়াও, কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা গুলাম আহমদ মীর-ও।
উল্লেখ্য, এবার বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে মাত্র দুই দফায়। ২৩ ও ২৯ এপ্রিল ভোটের পর ৪ মে ফলাফলও ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে হিসেব কষলে দেখা যাচ্ছে আর ঠিক ২৫ দিন পরেই ভোট বঙ্গে। কিন্তু এখনও প্রার্থীদের নামই ঘোষণা করতে পারল না কংগ্রেস।
তবে সূত্রের খবর, শনিবারের বৈঠকে প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সিইসি। যে কোনও সময় বাংলার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। ৮ আসন বাদে সব আসনেই রবিবারই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে হাত শিবির।