
বিধানসভা ভোটের আবহে ফের নিজের চেনা ঝাঁজাল মেজাজে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর প্রচারে নেমেই তিনি সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে।
সোমবার খড়গপুর টাউনে নির্বাচনী প্রচার সেরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, স্থানীয় থানার আইসি নাকি বিজেপি কর্মীদের হেনস্তা করছেন এবং তাঁদের তৃণমূলের সঙ্গে কাজ করতে চাপ দিচ্ছেন। এই অভিযোগ তুলেই তিনি কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যে উঠে আসে আক্রমণাত্মক সুর, যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।'
দিলীপের আরও হুঁশিয়ারি, 'আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।'
তিনি আরও দাবি করেন, খড়গপুরে অতীতে বিভিন্ন ‘দুষ্কৃতী’ ও ‘মাফিয়া’দের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং আগামীতেও সেই অবস্থান বজায় রাখবেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, শাসকদল নাকি দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে ক্ষমতায় এসেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। যদিও ২০২১ সালে তাঁকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল এবং তিনি জয়লাভ করেন। তবে নানা বিতর্কের জেরে এবারের নির্বাচনে হিরণকে সরিয়ে আবার খড়গপুরে ফিরিয়ে আনা হয়েছে দিলীপ ঘোষকে।
পুরনো কেন্দ্রে ফিরেই আগ্রাসী ভঙ্গিতে প্রচার শুরু করেছেন দিলীপ ঘোষ, যা ভোটের আগে খড়গপুরের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।