
CPIM-এর সঙ্গে মান-অভিমান-ক্ষোভ পর্ব শেষ। এখন তিনি তৃণমূলে। ঘাসফুলের 'নম্বর ২' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই পতাকা তুলে নিয়েছেন তিনি। সিট নয়, সংগঠনের কাজ করবেন বলে করেছিলেন দাবি। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকটা সময়। রাজ্য রাজনীতিতে উঠে এসেছে একাধিক নতুন ইস্যু।
তবে এককালের জনপ্রিয় SFI নেতা এবং বর্তমান TMC নেতা প্রতীক উর রহমানকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। অনেকেই জানতে চাইছেন নতুন জার্সি গায়ে চাপিয়ে কেমন দিন কাটছে প্রতীক উরের? পুরনো বন্ধুদের মিস করছেন? আর সেই সব প্রশ্নের উত্তরই bangla.aajtak.in-কে দিলেন স্বয়ং প্রতীক উর।
নতুন পার্টিতে মানিয়ে নিতে পেরেছেন?
উত্তরে প্রতিকূর বলেন, 'খুব ভাল কাটছে। সবাই কাছে টেনে নিচ্ছে। কাজ করার জায়গা পাচ্ছি। মাটির সঙ্গে থেকে কাজ করছি। যাঁরা নিজেদের বামপন্থী বলে লাফায়, তাঁরা এসি ঘরে বসে থাকে। আর আমরা রাস্তায় নেমে কাজ করছি। মাটেঘাটে কাজ করছি।'
পাশাপাশি তাঁর দাবি, নতুন দলের অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। তাঁরা সবাই সম্মান দিচ্ছেন। কাজ করতে কোনও সমস্যা হচ্ছে না।
কী ধরনের কাজ করছেন?
প্রতীক উর বললেন, 'আগে যেমন কাজ করতাম, এখনও ঠিক তেমনই চলছে। মানুষের সঙ্গে মিশে কাজ করছি। SIR-এ বিজেপি সরকার অনেককে বাদ দিয়েছে। তাদের বোঝাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাশে রয়েছে। কারও কোনও সমস্যা হবে না। কেউ যেন কোনও খারাপ পদক্ষেপ না নিয়ে বসে।'
আর এমনভাবে বুথ লেভেলে নেমেই তিনি কাজ করতে চান বলে দাবি করলেন প্রতীক উর। অর্থাৎ তিনি ঠিক আগের মতো কাজ করে যাবেন।
'ইনকিলাব জিন্দাবাদ স্লোগান' মিস করছেন?
SFI ছিল প্রতীক উরের প্রথম পরিচয়। পরে তিনি CPIM নেতা হিসেবেও উঠে আসেন। তাই তাঁর মুখে ইনকিলাব জিন্দাবাদের মতো স্লোগান অহরহ শোনা যেত। এখন ঘাসফুলে গিয়ে কি তিনি সেই স্লোগান মিস করছেন? উত্তরে তিনি বলেন, 'একটু তো মিস করছিই। ইনকিলাব জিন্দাবাদ বলতে অভ্যস্ত ছিলাম। কমরেড কথাটাও মিস করছি। তবে নতুন স্লোগান জয় বাংলা এনজয়ও করছি। কোনও কিছু গেলে, কিছু আসে। সেই পরিবর্তন মেনে নিতে হয়। আমার বেশ ভালই লাগছে।'
পুরনো কমরেডেদের মনে পড়ে?
উত্তরে প্রতীক উর বলেন, 'মনে কেন পড়বে না? আমি চাইলেই ওদের সঙ্গে কথা বলতে পারি। আমার দল কোনও ফতোয়া জারি করেনি। তবে ওরা চাইলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। করলেই শোকজ খাবে।'
আর বন্ধু সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরের সঙ্গে রাজনীতির ময়দানে যুদ্ধতে দেখা হলেও লড়াই হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।
আপনার হাত ধরে কি আরও অনেকে TMC-তে যোগ দেবেন?
উত্তরে প্রতীক উরের কৌশলী উত্তর, 'এই আপনি যখন ফোন করছেন, তখনই CPIM-এর জেলার বড় নেতার ফোন আসছে। কল ওয়েটিং পাচ্ছেন তিনি। অনেকেই যোগাযোগ রাখছেন।'
তবে কেউ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি।