
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারে ফের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে একাধিক বিস্ফোরক দাবি করেন তিনি।
অভিষেকের অভিযোগ, বাংলার ভোট মিটলেই কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম একলাফে ২,০০০ টাকা এবং পেট্রল-ডিজেলের দাম ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাঁর দাবি, ভোটের ফল ঘোষণার আগ পর্যন্তই দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, তারপরই সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপানো হবে।
তিনি আরও বলেন, 'রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, আর বিজেপি গ্যাস থেকে শুরু করে জ্বালানি, ভাড়া, সব কিছুর দাম বাড়িয়ে মানুষের পকেট থেকে টাকা কেড়ে নিচ্ছে। দিদি শুধু দিচ্ছেন, আর মোদী সরকার শুধু নিচ্ছে।'
বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিনপুরে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে এলাকার কোনও যোগই নেই। এমনকি স্থানীয় বিজেপি নেতারাও তাঁকে মেনে নিতে পারছেন না। তাই এই কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত বলেই দাবি করেন তিনি।
এছাড়াও বিজেপির বিরুদ্ধে ‘ভোটের সময় সক্রিয়, পরে উধাও’ থাকার অভিযোগ তোলেন অভিষেক। তাঁর কথায়, 'নির্বাচন এলেই বিজেপির নেতারা ডেইলি প্যাসেঞ্জারের মতো আসেন, আর ভোট শেষ হলেই আর তাঁদের খোঁজ পাওয়া যায় না।'
জনসভা থেকে তিনি বার্তা দেন, তৃণমূল ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে, আর বিজেপি এলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।