
ধর্মতলায় ধর্নামঞ্চে BJP-র বিরুদ্ধে লিফলেট বিলির অভিযোগ ঘিরে শোরগোল। সোমবার ধর্নার চতুর্থ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, BJP-র লিফলেট নিয়ে দু'একজন ব্যক্তি ধর্নায় ঢুকে পড়েছেন। তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া নির্দেশ দিলেন তিনি। সঙ্গে শশী পাঁজাকে বললেন পুলিশে অভিযোগ দায়ের করতে। সেই মতো ৩ জনকে ইতিমধ্যেই আটক করেছে লালবাজার।
মমতা এদিন ধর্নামঞ্চ থেকে আচমকাই সরব হন। তিনি বলেন, 'ধর্নায় যাঁরা আছেন, সকলকে সতর্ক করছি। BJP বাইরের এজেন্সি দিয়ে লিফলেট বিলির চেষ্টা করছে। ওদের হাতেনাতে ধরুন। পুলিশের হাতে তুলে দিন। অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে তাদের ঢোকার কোনও অধিকার নেই। এমনি এসে মিটিং শুনতে পারেন।'
BJP-কে ভিতুর দল, কাপুরুষের দল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, 'মানুষ আসছে না। মানুষের সমর্থন নেই। তৃণমূলকর্মীদের কাছে এসে লিফলেট বিলি করছে। সাহস আছে? বুকের পাটা আছে? পালিয়েছে নিশ্চয়ই। গলায় দড়ি দিয়ে মরা উচিত এদের। ভোট চোর! ভোট ডাকাত!'
এই ঘটনার পাল্টা সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, 'BJP কোনও লিফলেট ওদের ওখানে বিলি করছে না। এটা ওরাই করে BJP-র নামে দোষ দিচ্ছে। কারণ মোদীজির সভায় আমরা এদের ডাকতে চাই না। তাই ওদের লিফলেট দেওয়ার কোনও প্রয়োজন আমাদের নেই।'
জানা গিয়েছে, আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার লিফলেট ছিল ওগুলি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দৈনিক ১৩০ টাকার বিনিময়ে লিফলেট বিলি করার নির্দেশ ছিল তাঁদের।