
SIR প্রক্রিয়ার বিরুদ্ধে আরও তীব্র আন্দোলনে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজপথে ধর্নায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী। আগামী ৬ মার্চ, শুক্রবার এসপ্ল্যানেড মেট্রো চ্যানেলে তিনি এই অবস্থানে বসবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এবার কটাক্ষ করলেন BJP সাংসদ গিরিরাজ সিং। তাঁর কথায়, 'বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম কাটা গিয়েছে বলেই তাঁর এই ক্ষোভ।'
কেন্দ্রীয় মন্ত্রী সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, বরং তিনি কুশাসনের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। বাংলাদেশি মুসলিমদের ভোট কেটে যাওয়ার এত ভয় উনি পেয়েছেন, SIR দফতরে ভাঙচুর করছেন। গণতন্ত্রের দফতরে এমন ভাঙচুর মানুষ বরদাস্ত করবে না। এখন তো আপনি কোটি কোটি অবৈধ মুসলিমকে সার্টিফিকেট দিয়ে বাংলায় রেখে দিয়েছেন। আমি আবার নির্বাচন কমিশনকে অনুরোধ করবে, এদের সবাইকে হটাতে হবে।'
মমতার ধর্না প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিতে ধর্না করছেন উনি। বাংলার হিন্দুরা, বাংলার জনতা এগুলো বরদাস্ত করবে না। অবৈধ ভাবে মমতা ওই অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। দেশের জন্য, দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এটা কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সুরাবর্দির ভূমিকা পালন করছেন। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়াই তাঁর লক্ষ্য, তাই এই আন্দোলন।'
শনিবার ভোটার তালিকার প্রথম দফা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৬৩ লক্ষের বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি, আরও প্রায় ৬১ লক্ষ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘুস পরিযায়ী শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাররাই ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ তাঁর। এর প্রতিবাদেই রাস্তায় নেমে আন্দোলন করবেন মমতা।