
SIR-এর বিরোধিতায় ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে 'বিশেষ কমিউনিটি'-র কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে এসে সেই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও তাঁর সরাসরি প্রশ্ন, 'বিশেষ কমিউনিটি বলতে আপনি কার কথা বলছেন? কারা এঁরা?'
তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, 'খোলাখুলি হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ কমিউনিটি আপনাদের খতম করে দেবে। সংবিধানের চেয়ারে বসে এই ধরনের হুমকি? আপনার মুখে শোভা পায় না। কারা এরা, যারা তৃণমূলের এক ইশারায় কোটি কোটি লোককে খতম করে দেবে?' এরপর তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করে বলেন, 'তৃণমূলের যে গুণ্ডারা আপনাদের ভয় দেখায়, BJP এলই তাদের ভয় পাওয়া শুরু হয়ে যাবে। অপরাধী, অনুপ্রবেশকারীদের মুখ লোকানোর জায়গা পাবে না। তাদের একমাত্র ঠিকানা হবে জেল। সবকা সাথ, সবকা বিকাশের পাশাপাশি এদের পরিণতি নির্ণয় করবে BJP সরকার।'
অনুপ্রবেশকারী ইস্যুতে প্রধানমন্ত্রীর কড়া আক্রমণ করে বলেন, 'কট্টরপন্থীদের সুরক্ষা দেয় তৃণমূল। অনুপ্রবেশকারীদের ডেকে ডেকে আনে। মা-মাটি-মানুষের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছিল। সেই মা আজ কাঁদছে। মাটি লুট করা হচ্ছে। আর মানুষে বাংলা ছেড়ে চলে যাচ্ছি। বাংলার মানুষের রোজগার ছিনিয়ে নিচ্ছে এরা। মা-বোনেদের সুরক্ষা নেই।' বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের কব্জা হয়ে যাওয়ার কারণেই বাংলার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।
মমতার নাম না করলেও তিনি বলেন, 'বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয় এলেই তৃণমূল বিরোধিতা করে। হিন্দুদের উনি নিজেদের ভোটব্যাঙ্ক মনে করেন না। SIR-এর বিরোধিতা করেন তিনি। অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বেরিয়ে না যায়, যাতে ভোটার লিস্ট শুদ্ধ না হয়। মৃত ভোটারদের নামও বাদ দিতে দিচ্ছে না ওরা। এই কারণেই বাংলা অসুরক্ষিত।'
মমতা ঠিক কী বলেছিলেন?
ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমরা আছি বলে আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি, কোনওদিন সেইরকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে, ঘিরে ফেলে, এক সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে। যদি নিজেদের তেরোটা বাজাতে না চান, তাহলে BJP-র অপ্রচারে কোনও দিন ভুল বুঝবেন না।'
মহুয়া মৈত্র মন্তব্যেরও বিরোধিতা
মহুয়া মৈত্রকে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল, 'যাঁরা তৃণমূল করে না, তাঁরা বাঙালিই নয়।' সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, 'এরা বলে তৃণমূলকে যে ভোট দেয় না, সেই বাঙালিই নয়। আমি তৃণমূলকে মনে করাচ্ছি, ওদের গুন্ডামির দিন এ বার শেষ হওয়ার মুখে। তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সব কিছুর হিসেব হবে।'