
ছাব্বিশের নির্বাচনে জোরকদমে বাংলায় প্রচার শুরু করেছে কংগ্রেসও। মঙ্গলবার রায়গঞ্জে এসে নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিনের সভা থেকে সরাসরি বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করলেন রাহুল। তিনি বললেন, "বাংলায় বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূলই।" রাহুলের বক্তব্য, একদিকে যেমন বিজেপি সারা দেশের ক্ষতি করছে। তেমনই বাংলায় তৃণমূল সবচেয়ে বেশি ক্ষতি করছে। রাহুলের অভিযোগ "বাংলার জন্য কেন্দ্রীয় বাজেটে কিছু দেওয়া হয়নি। নরেন্দ্র মোদী দুর্নীতিপরায়ণ হলে, তৃণমূল কংগ্রেসও কম কিছু নয়।"
বিজেপিকে নিশানা করে কী বললেন রাহুল?
রাহুল গান্ধীর অভিযোগ, "বিজেপি ও RSS ঘৃণা ছড়ানোর চিন্তাধারা দিয়ে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশে আমাদের লড়াই আরএসএস এবং বিজেপির ঘৃণাভরা চিন্তাধারার বিরুদ্ধে।" মোদীকে নিশানা করে রাহুল বলেন, "তিনি আমার সঙ্গে চোখ মেলাতে পারেন না। এখন তিনি বাংলায় ঘুরছেন। তাঁর চেহারা ভালো করে দেখুন। উনি আমার দিকে চোখ মেলাতে পারেন না।"
ট্রাম্পের সঙ্গে মোদীকে জুড়ে এপস্টিন ফাইল নিয়েও বার্তা দেন রাহুল। তিনি বলেন, "আপনারা এপস্টিন ফাইলসের কথা শুনেছেন? আমেরিকায় ৩৫ লক্ষ ফাইল বন্ধ হয়ে রয়েছে। তাতে ভারতের মন্ত্রীদের নাম, বিজেপির নেতাদের নাম এবং নরেন্দ্র মোদীজিও ফেঁসে রয়েছেন। এপস্টিন ফাইল্সের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। এই জন্য যখন ট্রাম্প মোদীকে বলেন, মোদীজি লাফান। তিনি লাফ দেন। মোদীকে বলেন, আপনি ওখানে গিয়ে বসুন। তিনি সেখানে গিয়ে বসে পড়েন। কারণ, কন্ট্রোলার ট্রাম্পের হাতে রয়েছে। এমনকি ভারত তেল কিনতে গেলেও আমেরিকার অনুমতি নিতে হয়।”
পাশাপাশি আদানি যোগ নিয়েও তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, এটা কোনও আদানি কোম্পানি নয়। বরং আসলে এটি 'মোদানি' কোম্পানি। কংগ্রেস নেতার অভিযোগ, "আদানি পয়সা, সাপোর্ট-সহ বিজেপি-কে দেয়। এটা আদানি সংস্থা নয়, এর নাম হওয়া উচিত মোদানি সংস্থা। এটা অর্ধেক আদানির, অর্ধেক মোদীর।"
তৃণমূলকেও নিশানা করেন রাহুল গান্ধী
শুধুমাত্র বিজেপি নয়, রায়গঞ্জের সভা থেকে তৃণমূলকেও নিশানা করেন কংগ্রেস নেতা। বাংলার জন্য কেন্দ্রীয় বাজেটে কিছু দেওয়া হয়নি, অভিযোগ করেও রাহুল বলেন, বাংলায় বিজেপি-কে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসই। বাংলার মানুষের দ্বিগুণ লোকসান হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।
খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করে রাহুল বলেন, "৫ লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, এখন ৮৪ লক্ষ মানুষ বেকারভাতার জন্য আবেদন করছে। এটা কী মজা হচ্ছে?" রাহুলের দাবি, "TMC-কে ভোট দিয়ে বাংলার মানুষের কোনও ফায়দা হয়নি, তৃণমূলের সিন্ডিকেট শুধু ফায়দা লুটে নেয়।" সরাসরি দুই ফুল শিবিরকে নিশানা করে রাহুল বলেন, "নরেন্দ্র মোদী দুর্নীতিপরায়ণ হলে, তৃণমূলও কোনও অংশে দুর্নীতি থেকে পিছিয়ে নেই।"
সারদা মামলার ১৭ লক্ষ আমানতাকারীর ১৯০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়নি থেকে শুরু করে, কয়লা দুর্নীতি, তৃণমূলের সিন্ডিকেট, আর জি কর কাণ্ড নিয়েও এদিন তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন রাহুল গান্ধী। পাশাপাশি বাংলায় শিল্প নিয়েও তোপ দাগেন রাগা। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মমতাজি আপনাদের শিল্পকে শেষ করে দিয়েছেন। দেশে নরেন্দ্র মোদী শিল্পকে শেষ করার জন্য উঠেপড়ে লেগেছেন।"