
মাছও কিনলেন। আবার সেটা ঘটা করে রাস্তায় জমা জলে ছেড়েও দিলেন। এক ঢিলে দুই পাখি মারলেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। তৃণমূলের বিজেপির বিরুদ্ধে মাছে নিষেধাজ্ঞার দাবি তুলছে। তার প্রতিবাদও হল। আবার রাস্তার বেহাল দশাও তুলে ধরলেন। বৃহস্পতিবার সদলবলে শ্রীরামপুরের টিন বাজারে গিয়ে মাছ কিনতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। তবে শুধু কেনাতেই থেমে থাকেননি। বাজার থেকে কেনা মাছ বৃষ্টির জলে ভরা রাস্তায় ছেড়ে দেন।
ভাস্কর ভট্টাচার্যের বক্তব্য, শ্রীরামপুরে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। সেই সমস্যার প্রতিবাদ জানাতেই তিনি এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। তাঁর দাবি, 'মাছ-মাংস নিয়ে রাজ্যে ভুল প্রচার চলছে। বিজেপি ক্ষমতায় এলে মানুষ আরও ভালোভাবে মাছ-মাংস খেতে পারবে।' পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে বলেন, 'মানুষকে বিভ্রান্ত করতেই এসব বলা হচ্ছে।'
এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, 'ভাস্করবাবু জানেন না, বৃষ্টি থামতেই জল নেমে গিয়েছে। আর যে মাছগুলো ছাড়া হয়েছিল, সেগুলি জলের অভাবে মারা গিয়েছে।'
তিনি আরও কটাক্ষ করে বলেন, 'বিজেপির কাজই হল ঘোলা জলে মাছ ধরা। একদিকে ওদের বড় নেতারা মাছ-মাংস বন্ধের কথা বলেন, আর অন্যদিকে প্রার্থীরা বাজারে গিয়ে মাছ কিনছেন! ভোটের আগে এসব নাটক করছে।'
প্রিয়াঙ্কা অধিকারীর দাবি, বিজেপি ভোটের আগে ইস্যু খুঁজে না পেয়ে এখন মাছ নিয়ে রাজনীতি করছে। তাঁর কথায়, 'ভোটের ফল বেরোলেই ওদের মাছ ভাজা খাওয়াব।'
সব মিলিয়ে, বাংলার রাজনীতিতে এখন মাছ বড় ইস্যু হয়ে উঠেছে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে পাল্টা আক্রমণ; নির্বাচনের আগে এই 'মাছ রাজনীতি'র পারদ যে আরও চড়বে, তা ধরে নেওয়াই যায়।
রিপোর্টারঃ পার্থ রাহা