
SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এই লিস্টে দেখা যাচ্ছে, ৫২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে গিয়েছে, যেগুলি বিবেচনাধীন তালিকায় ছিল। কমিশনের আশা, আগামী ৪ দিনের মধ্যেই বাকি বিবেচাধনী ভোটারের নামও নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিস এখনও পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ নাম ডিলিট করেছে বলে কমিশন সূত্রের খবর।
কমিশনের এক অফিসারের কথায়, 'বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ৫২ লাখ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। আরও প্রায় ৮ লাখ আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আগামী ৪ দিনের মধ্যে ওই ৮ লক্ষের নামেরও নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।' যদি এই গতিতে কাজ হয়, তাহলে যাবতীয় বিবেচনাধীন ভোটারের মামলা ৭ এপ্রিলের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে হাইকোর্টের নির্দেশ মতো।
৬০ লক্ষের বেশি নাম আন্ডার স্ক্রুটিনি ছিল
বস্তুত, চূড়ান্ত খসড়া তালিকায় ৬০ লক্ষের বেশি নাম আন্ডার স্ক্রুটিনি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে বিচারবিভাগীয় আধিকারিকরা এই নিষ্পত্তির কাজ চালাচ্ছেন। এই প্রক্রিয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ রাজ্যে প্রথম দফার নির্বাচন নির্ধারিত হয়েছে ২৩ এপ্রিল, আর প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ভোটার তালিকা চূড়ান্ত করার আগে এই যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা জরুরি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
মালদার কালিয়াচকে বুধবার রাতে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনার পর তাঁদের নিরাপত্তার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সূত্রের খবর, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটার যাচাইকরণের কাজে নিযুক্ত আধিকারিকদের সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে না, তাঁদের এখন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে। তবে এই ট্রাইব্যুনালগুলি কবে থেকে কাজ শুরু করবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
কীভাবে চেক করা যাবে নাম?
electoralsearch.eci.gov.in , voters.eci.gov.in ও ceowestbengal.wb.gov.in - এই ৩ ওয়েবসাইটে দেখা যাবে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এ ছাড়াও ফোনে ECI Net অ্যাপের মাধ্যমেও এই সাপ্লিমেন্টারি তালিকা দেখা যাবে। নাম বাদ নিয়ে আপত্তি বা কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ২৩ জেলায় তৈরি হয়েছে ১৯টি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালেও অনলাইনে আবেদন করা যাবে।