
SIR নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল বাংলায় প্রথম ও দ্বিতীয় দফার ভোট। আর তার ২ দিন আগেও ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন। শুক্রবার দেশের শীর্ষ আদালত SIR মামলায় ১৪২ ধারা প্রয়োগ করল।
কারা ভোট দিতে পারবেন?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোট যে সমস্ত এলাকায় রয়েছে, সেখানকার বিচারাধীনদের মধ্যে যে সমস্ত ডিলিটেড ভোটারদের ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল। অর্থাৎ প্রত্যেক দফা ভোটের ২ দিন আগেও ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। তবে ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা আর কোনও ভাবেই এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না।
উল্লেখ্য, প্রথমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পর দেখা যায় বিচারাধীন তালিকায় রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। এই বিচারাধীন তালিকার নিষ্পত্তি করার জন্য ধাপে ধাপে ১২টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। সর্বশেষ যে চূড়ান্ত তালিকা প্রকাশ পায় তাতে ২৭ লক্ষের নাম বাদ পড়ে। তাঁদেরই ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ দেওয়া হয়। ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিরা ট্রাইব্যুনালে আবেদনকারীদের নিষ্পত্তি করার দায়িত্ব পেয়েছেন। আবেদনকারীদেরক নথি খতিয়ে দেখে যাঁদের ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না এবারের বিধানসভায়, তা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূর করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ভোটের ৪৮ ঘণ্টা আগেও যদি ট্রাইব্যুনাল ছাড়পত্র দেয় তবে ভোট দেওয়ার সুযোগ মিলবে।
মমতার প্রতিক্রিয়া
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারের মাঝেই সুপ্রিম কোর্টের এই নির্দেশটি পান। তিনি বলেন, 'আজ আমার থেকে বেশি খুশি কেউ নয়। বিচার ব্যবস্থার উপর আস্থা অটুট। সর্বোপরি আমি কেস করেছিলাম। সেই মামলার জন্য আজ সুপ্রিম কোর্টের ভোট দেওয়ার অধিকার দিলেন।'