
অসম নির্বাচনের আগে বারপেটায় এক জনসভা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বিজেপি সরকারের বিরাট প্রশংসা করেন। তিনি বলেন, 'বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করছে। সুশাসনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। গ্রাম থেকে শুরু করে গরিব, কৃষক, যুবক-যুবতী ও মহিলাসহ সমাজের প্রতিটি স্তরে বৈষম্যহীন শাসনের সুফল পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।'
কংগ্রেস সরকার নিরাপত্তা ভেঙে দিয়েছে
অসম নির্বাচনের আগে ফের একবার কংগ্রেস আমলের অপশাসনের কথা তুলে ধরলেন যোগী। তাঁর মতে, কংগ্রেস যখন শাসন চালিয়েছে, তখন এই রাজ্যে ছিল অরাজকতা। শুধু তাই নয়, কংগ্রেস শাসনকালে অনুপ্রবেশকে উৎসাহ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ৬০ বছরে অসমে অরাজকতা, দাঙ্গা ও অনুপ্রবেশকে উৎসাহ দিয়েছে। যার ফলে এই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে..."
ডাবল ইঞ্জিন সরকার
বারবারই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ তোলেন বিজেপি নেতারা। আর এবারও তার অন্যথা হল না। যোগীও ঠিক একই কথাই বললেন। তাঁর দাবি, এনডিএ-র ডাবল ইঞ্জিন সরকার গত ১০ বছরে অসমের নবজাগরণকে নতুন দিশায় নিয়ে গিয়েছে। এগিয়ে গিয়েছে রাজ্য।
মাথায় রাখতে হবে, যোগী আদিত্যনাথ শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, তিনি কেন্দ্রীয় বিজেপির অন্যতম বড় মুখ। তিনি 'হিন্দুত্বের পোস্টার বয়'। তাই ভোটমুখী অসমে তাঁকে ব্যবহার করতে চাইছে বিজেপি। আর সেই কাজটা করতেই অসমে গিয়েছেন যোগী। তিনি অসমে আবার ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়ার করছেন।
হিমন্তের বড় দাবি
অসমের বিধানসভা ভোটের ফলাফল সম্পর্কে বড় দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ১২৬টি আসনের অসম বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৯০ থেকে ১০০টি আসন। আর কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ১৭টি আসন। অর্থাৎ এবার বড় মার্জিনে বিজেপি জিততে চলেছে বলে মনে করছেন হিমন্ত।
তিনি বলেন, 'বিধানসভা ভোটে আমরা ৯০-১০০টি আসন পেতে পারি। কংগ্রেস পেতে পারে ১৬ থেকে ১৭টি সিট, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পেতে পারে ৫ থেকে ৬টি, রাইজর দল ১টি এবং অসম জাতীয় পরিষদ কোনও সিট জিতবে না। আমরা খুব বড় মার্জিনে তিহু এবং নালবাড়ি সিট জিতব। অখিল গোগইয়ের রাইজর দল মাত্র একটি সিট জিতেবে দিহিঙে। কাঁটায় কাঁটায় লড়াই হলেও শিবসাগরে এনডিও প্রার্থী জিতবে।'