
SIR প্রক্রিয়া শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে যদি 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা 'আনম্যাপড ভোটার' যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হয় সেক্ষেত্রে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যাবে? তবে কি ফাইনাল ভোটার লিস্ট বেরনোর আগেই রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করা হবে? কী জানাচ্ছে নির্বাচন কমিশন?
কবে ফাইনাল ভোটার লিস্ট?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিয়েছে, ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। যদি ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ কিংবা ‘আনম্যাপড ক্যাটেগরি’ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে এই ভোটার তালিকা ধাপে ধাপে ধারাবাহিক ভাবে প্রকাশ করা যেতে পারে।
ফলে শুক্রবার ভোটার তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ না হলে ঠিক কত নাম বাদ হতে চলেছে তা-ও সম্পূর্ণরূপে ওইদিন বোঝা যাবে না। ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। ধারাবাহিক ভাবে প্রকাশ হওয়া সেই তালিকাগুলি জুড়ে বাদ ভোটারের পরিসংখ্যান পাওয়া যাবে।
ফাইনাল ভোটার লিস্টের আগেই ভোট ঘোষণা?
কমিশন জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বক্তব্য, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই। শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে ক'টি তালিকা বের হবে, সেগুলি নিয়েই নির্বাচন হবে।
বাড়ছে না বুথ
সেক্ষেত্রে ভোটের আগে নতুন করে বুথবিন্যাসও আর হবে না। ৮০ হাজার ৬৮১ বুথেই ভোট হবে এবারের বিধানসভায়। এর আগে কমিশন জানিয়েছিল একটি বুথে ১ হাজার ২০০ জনের বেশি ভোটার থাকবে না। সেই অনুযায়ী, বুথ বিন্যাসের পর রাজ্যে ১৩ হাজার ৮১৬টি বুথ বেড়েছিল। ফলে রাজ্যে বুথের সংখ্যা দাঁড়িয়েছিল ৯৪ হাজার ৪৯৭টি। কিন্তু মঙ্গলবার কমিশন জানিয়ে দিয়েছে, SIR-এর কাজ শেষ না হওয়া পর্যন্ত বুথবিন্যাস করা সম্ভব নয়। তবে বহুতলের জন্য ৬০-৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে।
খসড়া তালিকা প্রকাশের সময় ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। শুনানি পর্বে বাদ পড়েছে প্রায় আরও প্রায় ৮ লক্ষ নাম। এদের মধ্যে শুনানিতে অনুপস্থিত ৬ লক্ষ ২৫ হাজার। ফলে ধাপে ধাপে লিস্ট প্রকাশিত হলে পরিসংখ্যাবন কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে।
কবে ভোট?
১ মার্চ থেকে রাজ্যে আধাসেনা মোতায়েন করা হবে। দুই দফায় ১০ তারিখের মধ্যে মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। সূত্রের খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে কমিশন। দোল ও হোলি মিটলেই নির্ঘণ্ট প্রকাশ করা হবে। ২০২১ সালে ৮ দফা বিধানসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এবার দফা কমতে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের। কারণ, CEO মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি একদফায় নির্বাচন করাতে প্রস্তুত।