
বাংলায় শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোটারদের আস্থা বৃদ্ধি করতে তৎপর হলেন মুখ্য সচিবও। মঙ্গলবার জেলা প্রশাসন ও পুলিশকে আগামী তিন দিনের মধ্যে স্পর্শকাতর এলাকাগুলি যৌথভাবে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা জেলা শাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো এক চিঠিতে আগের নির্বাচনে যেখানে হিংসা বা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছিল, সেই এলাকাগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, “এই ধরনের এলাকাগুলিতে আগামী ২-৩ দিনের মধ্যে DM/DEO-দের নেতৃত্বে CP/SP এবং জেলা ফোর্স কো-অর্ডিনেটরদের নিয়ে যৌথ পরিদর্শন করতে হবে।” পাশাপাশি, জনসাধারণের মধ্যে আস্থা বাড়াতে এই পরিদর্শন সংবাদমাধ্যমে তুলে ধরার কথাও বলা হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল ভোটারদের আশ্বস্ত করা এবং সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। সব জেলা প্রশাসনকে ১৬ এপ্রিল বিকেল ৫টার মধ্যে এই যৌথ পরিদর্শনের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এছাড়াও, প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল, স্যাটেলাইট, ওয়্যারলেসসহ বিভিন্ন মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, “নির্বাচনের সময় সুষ্ঠু সমন্বয় বজায় রাখতে প্রতিটি ভোটকেন্দ্রকে নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে।”
প্রসঙ্গত, রাজ্যে নির্বাচন রয়েছে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। দু'দফার এই ভোটকে শান্তিপূর্ণ করানোই এখন চ্যালেঞ্জ প্রশাসনের। ভোটের ফলপ্রকাশ হবে ৪ মে।